ঢাকায় অপহৃত শিশু কুমিল্লায় উদ্ধার
রাজধানীর খিলক্ষেত থেকে অপহৃত তিন বছরের একটি শিশুকে উদ্ধার করেছে র্যাব, গ্রেপ্তার করা হয়েছে অপহরণে ‘জড়িত’ তিনজনকে।
গত ১৭ জুন অপহরণের পর শিশুটির পরিবারের কাছে ৫ লাখ টাকা মুক্তিপণ চাওয়া হয়েছিল বলে র্যাব জানায়।
শিশুটির বাবা মনির হোসেন খিলক্ষেত থানায় সাধারণ ডায়েরি (জিডি) করার পর র্যাবও তদন্তে নামে।
এরপর রোববার ভোরে কুমিল্লার দেবিদ্বার থেকে শিশুটিকে উদ্ধার করা হয় বলে র্যাবের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
অপহরণে জড়িত থাকার অভিযোগে গ্রেপ্তার তিনজন হলেন আবুল বাসার (৩৫), মো. কাওসার (২৫) ও মো. রাসেল (২০)।
বাসার ও রাসেল অপহৃত শিশুটির বাবার দোকানের কর্মচারী। তদন্ত শুরুর পর তাদের সন্দেহ হলে বাসার ও রাসেলকে আটক করে র্যাব।
খিলক্ষেত থানার কুড়াতলী থেকে তাদের দুজনকে আটকের পর জিজ্ঞাসাবাদ করলে তারা অপরাধ স্বীকার করেন বলে র্যাব জানিয়েছে।
“তাদের দেওয়া স্বীকারোক্তিতে দেবিদ্বার থেকে শিশুটিকে উদ্ধার করা হয়। সেখান থেকে কাওসারকে আটক করা হয়,” বলা হয় সংবাদ বিজ্ঞপ্তিতে।
