সড়ক যানজটের কারণ হবে না, আশ্বাস মন্ত্রীর
ঈদে মহাসড়ক যানজটের কারণ হবে না বলে সংসদকে আশ্বস্ত করেছেন সড়ক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
রোববার জাতীয় সংসদে ৩০০ বিধিতে দেওয়া এক বিবৃতিতে তিনি বলেন, “মন্ত্রণালয়ের মনিটরিং টিমগুলো সড়ক মেরামত কাজের নিবিড় তদারকি করছে। আমি দেশবাসীকে আশ্বস্ত করতে চাই, সকল কর্তৃপক্ষের সহযোগিতা নিয়ে প্রতিবারের মতো এবারও মানুষ ঈদে স্বস্তি নিয়ে বাড়ি ফিরতে পারবে এবং উৎসব শেষে কর্মস্থলে ফিরে আসতে পারবে।”
মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব ঈদে বিপুল সংখ্যক মানুষ রাজধানী ছেড়ে স্বজনদের সঙ্গে ঈদ করতে গ্রামে যান বলে প্রতিবারই যানজট ও ঘরমুখো মানুষের ভোগান্তি খবরের শিরোনাম হয়। ঈদের ছুটি শেষে ফিরতি পথেও দেখা যায় একই চিত্র। প্রতিবারই বেহাল সড়কের সঙ্গে যানবাহনের বাড়তি চাপের কথা বলা হয়।
ওবায়দুল কাদের জানান, পরিস্থিতি সামাল দিতে করণীয় ঠিক করতে সোমবার সব পক্ষকে নিয়ে বৈঠকে বসবেন তিনি।
“ঈদে ঘরমুখো মানুষের নিরাপদে বাড়ি ফেরা, ঢাকা মহানগরী থেকে বহির্গমন সড়কগুলো যানজটমুক্ত রাখা, মহাসড়কে যানজট মোকাবেলা, সড়ক নিরাপত্তাসহ অন্যান্য বিষয়ে আমরা সক্রিয় রয়েছি। সড়ক ও জনপথের প্রকৌশলীদের প্রস্তুত রাখা হয়েছে।”
মন্ত্রী বলেন, মহাসড়কগুলো যান চলাচলের উপযোগী রয়েছে। ঈদের আগে তাৎক্ষণিকভাবে কোথাও সড়ক মেরামতের প্রয়োজন হলে সে কাজের জন্য নির্মাণ ও মেরামত উপকরণসহ প্রকৌশলীদের ‘মোবাইল টিমে’ প্রস্তুত থাকবে।
“দেশের মহাসড়কগুলো কোথাও যানজটের কারণ হবে না। যানজট হলে দক্ষতার সঙ্গে মোকাবেলা করব। এই লক্ষ্যে আমি পুলিশসহ সবার সহযোগিতা কামনা করছি।”
সড়ক পরিবহন মন্ত্রী বলেন, দুর্ঘটনা এখনো তার জন্য একটি বড় ‘দুর্ভাবনা’।
“সড়ক মহাসড়কে এখনো ঝরছে তাজা প্রাণ। আশার কথা এই যে, আমরা ইতোমধ্যে ঢাকা আরিচা সড়কে পরীক্ষামূলকভাবে বাক সরলীকরণ করে ইতিবাচক ফল পেয়েছি।”
সেই অভিজ্ঞতা থেকে ১৪০টি ‘দুর্ঘটনাপ্রবণ’ বাঁক বা ‘ডেড স্পট’ সরল করতে ১৬৫ কোটি টাকার একটি প্রকল্পের অর্থ পরিকল্পনা মন্ত্রণালয় ছাড় দিয়েছে বলে জানান কাদের।
ফাইল ছবি
তিনি বলেন, “কানেকটিভিটি বহতা নদীর মতো। এই মহাসড়কে কেউ বিচ্ছিন্ন থাকতে পারে না। উন্নয়ন ও অগ্রগতি একটি রূপকথার পরীর মতো, চারদিকে ছড়িয়ে দেয় ডানা। আমরা সেই ডানায় ভর করে দেশকে এগিয়ে নিতে চাই। মধ্যম আয়ের দেশে, পরবর্তীতে উন্নত দেশে পরিণত করতে আমরা কাজ করে যাচ্ছি।”
সার্ক ফ্রেমওয়ার্কের আওতায় একটি অভিন্ন সড়কের ‘স্বপ্ন’ প্রধানমন্ত্রী শেখ হাসিনাই প্রথম দেখিয়েছিলেন বলে মন্তব্য করেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর এই সদস্য।
তিনি বলেন, দক্ষিণ পূর্ব এশিয়ার চার প্রতিবেশী ‘সন্দেহ-সংশয়ের দেয়াল ভেঙে’ সড়ক যোগাযোগে ‘এক সোনালী সেতুবন্ধন’ নির্মাণ করতে যাচ্ছে।
“উন্নয়নের জন্য আমরা একসঙ্গে চলতে শিখেছি। জনগণের স্বার্থ রক্ষায় আমরা অভিন্ন ভাবনা ভাবতে পেরেছি।”
বাংলাদেশ, ভুটান, ভারত ও নেপালের মধ্যে সড়ক পথে যাত্রীবাহী, ব্যক্তিগত ও পণ্যবাহী যান চলাচলে গত ১৫ জুন ভুটানের রাজধানী থিম্পুতে চুক্তি সই হয়। বাংলাদেশের পক্ষে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের ওই চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে ছিলেন।
