মাগুরায় ট্রাকচাপায় ২ সাইকেলারোহীর মৃত্যু
মাগুরা সদর উপজেলায় ট্রাকচাপায় সাইকেলারোহী দুই যুবকের মৃত্যু হয়েছে।
সদর থানার পরিদর্শক (তদন্ত) নিকুঞ্জ কুমার জানান, রোববার সকালে মাগুরা-ঝিনাইদহ সড়কের ছাচানী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- ছাচানী গ্রামের আব্দুর রহিমের ছেলে জাকারিয়া (১৮) ও ছলেমান মিয়ার ছেলে ছামিরুল (১৮)।
স্থানীয় হাজরাপুর ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল মান্নান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সকাল সাড়ে ৮টার দিকে ওই দুই যুবক সাইকেলে করে ঝিনাইদহের হাটগোপালপুরে যাচ্ছিলেন।
“বাড়ি থেকে বেরিয়ে ছাচানী এলাকায় মহাসড়কে ওঠার সময় দ্রুতগতির একটি ট্রাক তাদের চাপা দেয়।”
এতে ঘটনাস্থলেই জাকারিয়ার মৃত্যু হয়। আশঙ্কাজনক অবস্থায় মাগুরা সদর হাসপাতালে নেওয়ার পর সকাল সাড়ে ৯টার দিকে ছামিরুলও মারা যান।
পরিদর্শক নিকুঞ্জ জানান, দুর্ঘটনার পরপরই ট্রাকটি পালিয়ে যায়। পুলিশ ট্রাকটি চিহ্নিত করে চালককে আটক করার চেষ্টা চলাচ্ছে।
