২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

যশোরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই ভাইয়ের মৃত্যু

যশোরের মণিরামপুরে বিদ্যুৎস্পৃষ্ট এক শিশুকে বাঁচাতে গিয়ে দুই ভাইয়ের মৃত্যু হয়েছে।

যশোর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Jun 2015, 11:37 AM

Updated : 22 Aug 2022, 12:39 PM

মণিরামপুর থানার ওসি মোল্লা খবীর আহমেদ জানান, রোববার সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার দোদাড়িয়া গ্রামের সরদার ব্রিকস নামে ইট ভাটার বিদ্যুতের তার ছিড়ে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন, গ্রামের আব্দুল আজিজের ছেলে মিলন (৩২) ও সুমন (২৩)। 

ইটভাটার ব্যবস্থাপক রুহুল আমিন জানান, ভাটার বিদ্যুতের তার কোনোভাবে ছিড়ে পাশের পুকুরপাড়ে পড়ে ছিল। সকালে শিমুল নামে নয় বছর বয়সী এক শিশু ওই তারে জড়িয়ে গেলে তাকে বাঁচাতে গিয়ে মিলন, সুমন ও ফাতেমা (৩২) নামের এক নারী বিদ্যুৎস্পৃষ্ট হন।

পরে স্থানীয়রা তাদের উদ্ধার করলেও মিলন ঘটনাস্থলেই মারা যান। যশোর সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় সুমনের।

চিকিৎসাধীন শিমুলের অবস্থাও ‘ভালো নয়’ বলে জানিয়েছেন চিকিৎসক আব্দুল্লাহ আল মামুন।

শিমুল দোদাড়িয়া গ্রামের মাহাবুর রহমানের ছেলে। হতাহতরা সবাই সম্পর্কে আত্মীয়, তাদের বাড়িও পাশাপাশি।