২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জয়পুরহাটে এক পরিবারে ৪ জনকে কুপিয়ে হত্যা

জয়পুরহাটের পাঁচবিবি উপজেলায় আদিবাসী পল্লীতে শ্বশুরবাড়িতে চারজনকে কুপিয়ে হত্যার পর এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

জয়পুরহাট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Jun 2015, 08:50 AM

Updated : 12 Oct 2022, 03:53 PM

শনিবার ভোররাতে ভীমপুর গ্রামে ওই আদিবাসী পল্লীতে এই হত্যাকাণ্ড ঘটে বলে পাঁচবিবি থানার ওসি আবু হেনা মোস্তফা কামাল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন।

গ্রেপ্তার ব্যক্তির নাম সুমন হেমরম (৩০)। তিনি পাঁচবিবি উপজেলার নওয়ানা গ্রামের নবীন হেমরমের ছেলে।

নিহতদের মধ্যে সুমনের পাঁচ বছর বয়সী ছেলে সানিও রয়েছে। হামলায় তার স্ত্রী সিলভিয়া হেমরমও (২২) গুরুতর আহত হন।

নিহত অন্যরা হলেন- সুমনের শ্বাশুড়ি সন্ধ্যা রানি মারান্ডি (৬০), শ্যালিকা তেরেসা মারান্ডি (১৮) এবং ফুফাশ্বশুর মারকেল মারান্ডি (৪২)।

Image
গ্রেপ্তার সুমন হেমরম

গ্রেপ্তার সুমন হেমরম

স্থানীয়রা জানায়, সুমন ওই বাড়িতে ঘরজামাই ছিলেন। সম্প্রতি তিনি ঢাকায় একটি মোটর ওয়ার্কশপে কাজ নেন। ভোররাতে ঢাকা থেকে বাড়িতে ফেরেন তিনি।

স্থানীয়দের উদ্ধৃতি দিয়ে ওসি কামাল বলেন, পরকীয়া সম্পর্কের অভিযোগ ‍তুলে প্রথমে স্ত্রীর উপর চড়াও হন সুমন। তাকে বাঁচাতে এসে হামলার মুখে পড়েন অন্যরা।

হত্যাকাণ্ডের খবর শুনে গ্রামবাসী সুমনকে ধরে পুলিশে তুলে দেয়। “সুমন হত্যাকাণ্ড ঘটানোর কথা স্বীকার করেছে,” বলেন ওসি।

পুলিশ গিয়ে লাশ চারটি ময়না তদন্তের জন্য জয়পুরহাট হাসপাতাল মর্গে নিয়ে আসে। তাদের সবার দেহে ধারালো অস্ত্রের জখম রয়েছে। 

গুরুতর আহত অবস্থায় সিলভিয়া জয়পুরহাট হাসপাতালে চিকিৎসাধীন।

এই ঘটনায় থানায় একটি মামলা করেছেন সিলভিয়ার মামা সুরেন হাদ্দা।