২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

টাঙ্গাইলে বাবা-ছেলের লাশ উদ্ধার

টাঙ্গাইলের ঘাটাইল উপজেলায় নিজ ঘরে বাবা-ছেলের লাশ পাওয়া গেছে, ছেলেকে শ্বাসরোধে হত্যার পর ওই ব্যক্তি আত্মহত্যা করেছেন বলে ধারণা করা হচ্ছে।

টাঙ্গাইল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Jun 2015, 09:11 PM

Updated : 22 Aug 2022, 12:37 PM

বৃহস্পতিবার বিকালে উপজেলার জামুরিয়া ইউনিয়নের কাত্রা গ্রাম থেকে লাশ দুটি উদ্ধার করে মর্গে পাঠায় পুলিশ।

নিহতরা হলেন, উপজেলার কাত্রা গ্রামের গফুরের ছেলে রনজু মিয়া (২৫) ও তার দেড় বছর বয়সী ছেলে শাহীন।

এলাকাবাসীর বরাত দিয়ে ঘাটাইল থানার ওসি মো. মোখলেছুর রহমান জানান, রনজু মিয়া স্ত্রী শামীমা ও ছেলে শাহীনকে নিয়ে বাড়ির পাশের আনিছের রাইস মিলে ধান ভাঙ্গাতে যান। ধান ভাঙ্গাতে দেরি হওয়ায় ছেলেকে নিয়ে বাড়ি চলে আসেন রনজু।

ধান ভাঙ্গিয়ে ফিরে এসে ছেলের বালিশ চাপা এবং রনজুর ঝুলন্ত লাশ দেখতে পান শামীমা। পরে প্রতিবেশীরা পুলিশকে খবর দেয়।

রনজুর মা রানী বেগমের বরাত দিয়ে ওসি বলেন, “রনজু ৫/৬ মাস আগে মানসিক ভারসাম্যহীন হয়ে পড়ে।এ কারণে তিনি ছেলেকে শ্বাসরোধে হত্যার পর আত্মহত্যা করেছেন বলে ধারণা করছেন তার মা ও চাচা মজিবর রহমান।”