জনদুর্ভোগ: বেদখল প্রগতি সরণিতে নিত্যসঙ্গী যানজট
রাজধানীর অন্যতম ব্যস্ত সড়ক প্রগতি সরণির প্রায় এক-চতুর্থাংশ রাস্তা আর রাস্তা নেই। বেদখল হয়ে যাওয়ায় সরু হয়ে পড়া এই সড়কে নামার আগে তাই যানজটের আতঙ্ক ভর করে যাত্রীদের মনে।
গুলশান এক নম্বর থেকে মধ্যবাড্ডা পর্যন্ত সংযোগ সড়কের প্রগতি সরণির অংশে সরেজমিনে যানজটের যে চিত্র পাওয়া গেল তা রীতিমতো ভয়ঙ্করই।
ওই পথ ধরে হেঁটে দেখা গেল, অস্থায়ী টঙ দোকান, ভাসমান হকার, মৌসুমি ফলের আড়ৎ, আশেপাশের ভবন নির্মাণের ইট-বালু-রডের স্তূপ, এমনকি রিকশা স্ট্যান্ডও এই সড়কের উপর দণ্ডায়মান।
একদিকে যেমন মূল সড়কের উপরে এসব প্রতিবন্ধকতা সৃষ্টি করছে, তেমনি ফুটপাতগুলোও বেদখল হয়ে আছে ভাসমান হকার এবং রাস্তা সংলগ্ন দোকানের গাড়ি দিয়ে।
ফলে পথচারীররা বাধ্য হয়ে হাঁটেন ফুটপাত ছেড়ে মূল সড়ক ধরে, যার ফলে যান চলাচলের জন্য রাস্তা আরও সঙ্কুচিত হয়ে যানজটের তীব্রতা বাড়াচ্ছে।
ওই পথ ধরে যারা নিয়মিত যাতায়াত করেন তাদের সঙ্গে কথা বলে জানা গেছে, তীব্র যানজটের কারণে কয়েকবছর আগে বাড্ডা-গুলশান সংযোগ সড়কের প্রগতি সরণি ‘ক্রসিং’ বন্ধ করে দেওয়া হয়েছিল। তখন যানজট কিছুটা কমলেও সেটার কাঙ্ক্ষিত সুফল এখন আর পাওয়া যাচ্ছে না।
শুধু তাই নয়, এই সড়কের বিভিন্নস্থানে রয়েছে আবর্জনার স্তূপ, এমনকি সিটি করপোরেশনের কয়েকটি আবর্জনার বিশাল খোলা ভাগাড়ও রয়েছে একদম মূল রাস্তার উপরই। এই আবর্জনার ভাগাড় একদিকে যেমন রাস্তা দখল করে যানজট বাড়াচ্ছে, একইসঙ্গে পথচলতি মানুষও অতিষ্ঠ হচ্ছেন দুর্গন্ধে।
এই রাস্তা দিয়ে চলাচলকারী লোকালসহ বিভিন্ন রুটের বাস-মিনিবাস এবং হিউম্যানহলার বা লেগুনা প্রায় সবসময়ই রাস্তার মাঝখানেই এলোপাথাড়ি দাঁড়িয়ে যাত্রী ওঠানামা করে। রাতে এরসঙ্গে যুক্ত হয় পণ্যবাহী ট্রাক, ট্রেইলর। এই সড়কের পাশে থাকা বিভিন্ন গার্মেন্টসের পণ্য ওঠানামার জন্য রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা কভার্ডভ্যানও যানজট সৃষ্টির জন্য অনেকাংশে দায়ী।
এই সড়ক নিয়মিত ব্যবহার করেন এমন কয়েকজন যাত্রীর সঙ্গে কথা বলে জানা গেছে, প্রতিদিনের যানজটে তারা নিয়মিত নাকাল হন।
বসুন্ধরা আবাসিক এলাকার বাসিন্দা ব্যাংক কর্মকর্তা হুমায়ূন প্রায় প্রতিদিনই এই রাস্তা ব্যবহার করে মতিঝিলে আসা-যাওয়া করেন।
তিনি বলেন “এই রোডে কোথাও যেতে হলে যাত্রাপথের নির্দিষ্ট সময়ের চেয়ে অন্তত এক-দুই ঘণ্টা বেশি সময় হাতে নিয়ে রওনা দিতে হয়, নইলে দেরি হওয়া অবধারিত।”
একেই রুটের নিয়মিত বাসযাত্রী মুনির বলেন, “সকাল-সন্ধ্যা-রাত, কোনও সময়েই এই জ্যাম থেকে নিস্তার নেই। অফিস শুরু আর শেষের সময়ে তো অনেক সময় বাসের ইঞ্জিন বন্ধই করে রাখে- এমন জ্যামই হয়।”
ভুক্তভোগীরা বলছেন, সড়কটির সম্পূর্ণ অংশ যান চলাচলের জন্য নিশ্চিত করা গেলে যানজট কমে আসবে।
পাশাপাশি রাস্তা এবং ফুটপাত থেকে সমস্ত অবৈধ স্থাপনা উচ্ছেদ, যানবাহন যেন যত্রতত্র না থামে তা নিশ্চিত করা এবং সড়কের উপর থেকে ভাগাড় অপসারণ করা গেলে যানজট থেকে নিস্তার পাওয়া সম্ভব- এমন পরামর্শ দিয়েছেন কেউ কেউ।
