‘রাজনৈতিক প্রভাবে রেলের জমিতে অবৈধ বিলবোর্ড’
রেলের জমিতে অবৈধ বিল বোর্ড অপসারণে বিলম্বের জন্য রাজনৈতিক প্রভাবশালীদের দায়ী করেছে রেলওয়ে কর্তৃপক্ষ।
মঙ্গলবার জাতীয় সংসদে অনুষ্ঠিত রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকে এ বিষয়ে আলোচনা হয়।
এছাড়াও রেলওয়ের জমি অবৈধ দখলমুক্ত ও অবৈধ বিলবোর্ড অপসারণ নিয়ে আলোচনা হয়েছে।
সংসদীয় কমিটির আগের সুপারিশ বাস্তবায়নের অগ্রগতি সম্পর্কে বৈঠকে উত্থাপিত মন্ত্রণালয়ের প্রতিবেদনে অবৈধ বিলবোর্ড অপসারণে বিলম্বের জন্য রাজনৈতিক প্রভাবশালীদেরকে দায়ী করা হয়।
বৈঠক শেষে কমিটির সদস্য ফাতেমা জোহরা রানী সাংবাদিকদের বলেন, “রেলস্টেশন কেন্দ্রিক অপরাধ নিয়ন্ত্রণ ও হয়রানি বন্ধ করে যাত্রীসেবার মান বাড়াতে সব স্টেশনে সিসিটিভি বসানোর সুপারিশ করা হয়েছে।”
“রাজনৈতিক প্রভাবশালীদের কারণে বিলবোর্ড অপসারণে বিলম্ব হওয়ার বিষয়ে কমিটি কোন সুপারিশ করেনি। তবে রেলভূমি থেকে অবৈধ দখলদারদের উচ্ছেদের নির্দেশ দেওয়া হয়েছে।”
বৈঠকের কার্যপত্রে থেকে জানা গেছে, গত বছরের জুলাই থেকে চলতি বছরের মে মাস পর্যন্ত উচ্ছেদের মাধ্যমে ১৯১ দশমিক ০৩ একর জমি উদ্ধার করা হয়েছে। যদিও সারাদেশে ৪ হাজার ৩৯১ দশমিক ৩৯ একর রেলভূমি অবৈধ দখলদারদের কাছে রয়েছে।
বৈঠকে আরও জানানো হয়, কমিটির সুপারিশ অনুযায়ী পূর্বাঞ্চলে ঢাকার কমলাপুর রেলস্টেশনে ছয়টি ও চট্টগ্রামের লালখান বাজারের ইস্পাহানি বিল্ডিং মোড় এলাকা থেকে ৩টি অবৈধ বিলবোর্ড অপসারণ করা হয়েছে।
এছাড়াও রেলওয়ে পশ্চিমাঞ্চলে ২৭ জেলায় শতাধিক বিলবোর্ড অপসারণ করা হয়েছে। খুলনায় মালিকানা সংক্রান্ত জটিলতার কারণে ২টি, বগুড়ায় ঘণবসতিপূর্ণ স্থানের কারণে ৩টি এবং অনেক স্থানে বিলবোর্ড মালিক রাজনৈতিক প্রভাবশালী হওয়ায় অপসারণের কাজে বিলম্ব হচ্ছে।
কমিটির আগের বৈঠকে রেলওয়ের এক হাজার ৪৪১জন খালাসি পদে নিয়োগের বিষয়ে অনিয়মের অভিযোগ সম্পর্কে রেলের মহাপরিচালকের নেতৃত্বে তদন্ত করে কমিটির কাছে প্রতিবেদনে পেশের সুপারিশ করা হয়।
কমিটি সভাপতি এ. বি. এম ফজলে করিম চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে অংশ নেন রেলমন্ত্রী মুজিবুল হক, মুহাম্মদ মিজানুর রহমান, সিরাজুল ইসলাম মোল্লা, ইয়াসিন আলী এবং ফাতেমা জোহরা রানী।
