২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

যানজট নিয়ে ক্ষোভ সংসদে

যানজটের অসহনীয় দুর্ভোগের চিত্র তুলে ধরে এর হাত থেকে ঢাকাবাসীকে বাঁচাতে সরকারের কার্যকর পদক্ষেপ চেয়েছেন সংসদ সদস্য হাজি মো. সেলিম।   

সংসদ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Jun 2015, 09:29 PM

Updated : 22 Aug 2022, 12:36 PM

বৃষ্টির পর গত কয়েকদিনে রাজধানীতে ব্যাপক যানজটের পর মঙ্গলবার সংসদ অধিবেশনে এনিয়ে সরব হন স্বতন্ত্র হয়ে সংসদ সদস্য নির্বাচিত এই আওয়ামী লীগ নেতা।

হাজি সেলিম বলেন, “অনেক কষ্টে আছি। ব্যবসা-বাণিজ্য, লেখাপড়া, পরীক্ষা সব কিছু ক্ষতিগ্রস্ত। সব শিডিউল ভেঙে পড়েছে।

“গত ৩/৪দিন যাবত ঢাকা শহরে এত যানজট। রাজধানী স্থবির হয়ে পড়েছে। সচল ঢাকা অচল হয়ে গেছে। ঘণ্টার পর ঘণ্টা রাস্তায় বসে থাকতে হয়। উত্তরা থেকে সকালে বের হলে দুপুরে মতিঝিল পৌঁছতে হয়।”

পুরান ঢাকার বাসিন্দা সেলিম বলেন, “বিমানবন্দরে কাউকে তুলে দিয়ে পুরান শহর বা মতিঝিল পৌঁছাতে পৌঁছাতে ওই যাত্রী সিঙ্গাপুর চলে যায়, চায়না-ব্যাংকক চলে যায়। 

“তখন ওরা টেলিফোন করে, ভাই, পৌঁছাইছি। তখন আমরা বলি, ভাই আমরা পৌঁছাই নাই, রাস্তায় আছি। এই হল অবস্থা!”

“যানজট হলেই প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতির উপর দায় চাপানো হয়। অথচ প্রধানমন্ত্রী দেশেই নাই, রাষ্ট্রপতিও তেমন একটা বের হন না,” বলেন তিনি।

ঢাকার যানজটের জন্য ফিটনেসবিহীন ৮৯ হাজার গাড়িকে দায়ী করেন এই সংসদ সদস্য।

“ব্যবস্থা বলতে এই সব গাড়ির বিরুদ্ধে ১৫২ ধারায় মামলা করে, সাজা হয় সর্বোচ্চ ৭০০ টাকা। এতে কোনো লাভ হয় না। ট্রাফিক ব্যবস্থা, আইনে আমূল পরিবর্তন করতে হবে।”

“সামনে রমজান মাস। মানুষকে কষ্ট না দিয়ে কীভাবে কাজ করা যায়, সেভাবে কাজ করুন,” সরকারকে আহ্বান জানান এই আওয়ামী লীগ নেতা।

পুরনো খবর:

ভিআইপি চলাচল: ঢাকায় যানজটের ভোগান্তি
বৃষ্টির স্বস্তি ধুয়ে গেল রাস্তায়