এবার ২৫ জনকে হত্যার হুমকি দিয়ে চিঠি
ধর্মীয় উগ্রপন্থি সংগঠনের নামে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিকসহ ২৫ ব্যক্তিকে হত্যার হুমকি দিয়ে উপাচার্য কার্যালয়ে একটি চিঠি পাঠানো হয়েছে।
‘আনসারুল্লাহ বাংলা টিম-১৩’ এর নামে ডাকযোগে পাঠানো ওই চিঠি মঙ্গলবার বেলা সাড়ে ১২টার দিকে উপাচার্যের কার্যালয়ে আসে বলে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রক্টর আমজাদ আলী জানিয়েছেন।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, এ চিঠি পাওয়ার পর শাহবাগ থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে।
এর আগে ২১ মে ‘আল কায়েদা-আনসারুল্লাহ বাংলাটিম:১৩’ এর নামে চিঠি পাঠিয়ে অধ্যাপক মুহম্মদ জাফর ইকবাল, প্রধানমন্ত্রীর উপদেষ্টা এইচ টি ইমামসহ ১০ জনকে হত্যার হুমকি দেওয়া হয়।
নতুন চিঠিতে আগের বার হুমকি পাওয়া অধ্যাপক জাফর ইকবাল, গণজাগরণ মঞ্চের মুখপাত্র ইমরান এইচ সরকার ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আরেফিন সিদ্দিক ছাড়াও ঘাতক-দালাল নির্মূল কমিটির ভারপ্রাপ্ত সভাপতি শাহরিয়ার কবির, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের অধ্যাপক সৈয়দ আনোয়ার হোসেন, সাংবাদিক আবেদ খানের নামও রয়েছে।
শাহবাগ থানার ওসি আবু বকর সিদ্দিক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বেলা সোয়া ২টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর হুমকির বিষয়ে একটি জিডি করার পর পুলিশ বিষয়টি খতিয়ে দেখছে।
