২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

উপজেলায় সংরক্ষিত নারী সদস্য পদে ভোট সোমবার

চতুর্থ উপজেলা নির্বাচনের সংরক্ষিত নারী সদস্য পদে সোমবার ভোট হবে।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Jun 2015, 09:27 PM

Updated : 22 Aug 2022, 12:35 PM

চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে সাধারণ নির্বাচনের দেড় বছরের মাথায় সংরক্ষিত সদস্য পদে ভোট হচ্ছে।

এ নির্বাচনের মধ্যদিয়ে পূর্ণাঙ্গ হচ্ছে উপজেলা পরিষদ। উপজেলা পরিষদ চালুর পর এটাই প্রথম সংরক্ষিত নারী সদস্য পদে ভোট।

নির্বাচন কমিশনার মো. জাবেদ আলী রোববার সাংবাদিকদের বলেন, ইতোমধ্যে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে। এ ভোটে সাধারণ নাগরিকরা নয়, উপজেলাস্থ ইউনিয়ন ও পৌরসভার সংরক্ষিত নারী জনপ্রতিনিধিরাই ভোট দিয়ে উপজেলার সংরক্ষিত নারী প্রতিনিধি নির্বাচিত করবেন।

আগামী বছরের শুরুতে ইউপি ও পৌর নির্বাচন পর্যন্তই উপজেলা নবনির্বাচিত নারী সদস্যরা দায়িত্ব পালন করবেন।

ইসি সচিবালয়ের জনসংযোগ পরিচালক এসএম আসাদুজ্জামান জানান, সারাদেশের পৌনে পাঁচশ’ উপজেলার মধ্যে ৯৬টি উপজেলায় ৩০১ জন প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।

এছাড়া ১০টি উপজেলার ১৬টি আসনে কোনো প্রতিদ্বন্দ্বী প্রার্থী নেই। এসব আসনে পুনরায় তফসিল ঘোষণা করবে নির্বাচন কমিশন।

এ কর্মকর্তারা জানান, সোমবার সকাল ৮টা থেকে বিকাল ২টা পর্যন্ত প্রতিটি উপজেলা পরিষদের একটি কেন্দ্রে নারী সদস্য পদে ভোট হবে। এক্ষেত্রে  ৩৭৭টি উপজেলার ১ হাজার ২৪৫টি আসনে ভোট হবে।

এতে প্রতিদ্বন্দ্বী প্রার্থী রয়েছেন ২ হাজার ৫৩৬ জন। মোট ভোটার রয়েছে ১১ হাজার ১৬৮ জন।

নির্বাচন কমিশনার জাবেদ আলী বলেন, “যেহেতু জনপ্রতিনিধিরাই ভোটার, তারা যেন সুশৃঙ্খলভাবে ভোট শেষ করে।”

প্রথমবারের মতো উপজেলা পরিষদে নারী সদস্য পদে পূর্ণাঙ্গ তথ্যে ‘কিছুটা’ অসঙ্গতি রয়েছে বলে ইসি কর্মকর্তারা স্বীকার করেন।

তারা একেক সময় একেক রকম পরিসংখ্যান দিচ্ছেন। মাঠপর্যায় থেকে পাঠানো তথ্য একীভূত করতে ‘ঝামেলা’ হচ্ছে বলেই ‘তথ্যগত বিভ্রান্তি’ হচ্ছে বলে জানান তারা।

তবে ভোট শেষে ‘সঠিক’ ও পূর্ণাঙ্গ তথ্য দেওয়া যাবে বলে জানান ইসি কর্মকর্তারা।

উপজেলা নির্বাচন বিধিমালা অনুযায়ী, ইউনিয়ন পরিষদ এবং পৌরসভার সংরক্ষিত নারী কাউন্সিলররা তাদের মধ্য থেকে একজনকে ভোট দিয়ে উপজেলা পরিষদের নারী সদস্য হিসেবে নির্বাচিত করবেন। আর এই সদস্যদের সংখ্যা হবে উপজেলায় ইউনিয়ন ও পৌরসভাগুলোর মোট নারী সদস্যের এক তৃতীয়াংশের সমান।