২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘নিয়মের’ মধ্যে রাজনীতি করতে পরামর্শ আইজিপির

সরকারবিরোধী আন্দোলনের সময় পুলিশ হত্যার সমালোচনা করে আইজিপি এ কে এম শহীদুল হক রাজনীতিকদের ‘নিয়ম-নীতি’র মধ্যে থাকার পরামর্শ দিয়েছেন।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Jun 2015, 08:22 PM

Updated : 25 Apr 2022, 01:29 PM

রোববার চট্টগ্রামে পুলিশ কল্যাণ ট্রাস্ট নির্মিত ‘আরএফ পুলিশ প্লাজার’ উদ্বোধন অনুষ্ঠানে বক্তব্যে তিনি জঙ্গি ও উগ্র মতাদর্শীদের ধরিয়ে দিতেও জনগণকে আহ্বান জানান।

এই বছরের শুরুতে বিএনপি নেতৃত্বাধীন জোটের আন্দোলনে পেট্রোল বোমা মেরে মানুষ হত্যার প্রসঙ্গ টেনে পুলিশ প্রধান বলেন, “গত ৫ জানুয়ারির পর ৯২ দিনে অনেক মানুষ পুড়ে মরেছে। এভাবে দেশ জঙ্গি রাষ্ট্রে পরিণত হয়ে যাবে। আমরা দেশকে জঙ্গি রাষ্ট্রে পরিণত হতে দেব না।”

রাজনীতিকদের আহ্বান জানিয়ে সরকারি এই কর্মকর্তা বলেন, “এদেশ স্বাধীন হওয়ার পর অনেক আন্দোলন হয়েছে। এভাবে পুলিশ মারতে হবে, নিরীহ জনগণকে পেট্রোল বোমা মেরে পুড়িয়ে মারতে হবে, এটা কোনো রাজনীতি না। পলিটিক্স করেন, নিয়ম-নীতির মধ্যে করেন।”

জানুয়ারির পর আইনশৃঙ্খলা বাহিনী জনগণকে সঙ্গে নিয়ে পরিস্থিতি স্বাভাবিক করেছে বলে দাবি করেন শহীদুল হক।

জনগণকে পুলিশের সঙ্গে থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, “মানুষ যতটা খারাপ মনে করে, পুলিশ ততটা খারাপ না। আপনারা পুলিশের পাশে থাকেন, ‘বেটার সুবিধা’ নেন।”

সম্প্রতি ঢাকায় উদ্বোধন করা ‘পুলিশ প্লাজা কনকর্ড’ও পুলিশের ব্যবস্থাপনায় চলছে জানিয়ে তিনি বলেন, “অনেক সময় যারা ব্যবসা করেন তাদের মধ্যে একটা গ্রুপিং থাকে। অনেক সমস্যা হয়। কাজেই ঢাকার মতো যদি এটারও ব্যবস্থাপনা পুলিশের হাতে থাকে তাহলে বেটার সার্ভিস দিতে পারবে।”

আগামী সাত দিনের মধ্যে মার্কেট চালুর নির্দেশনা দেওয়ার পাশাপাশি তিনি বিক্রিত পণ্যের গুণগত মান নিশ্চিত ও সুযোগ-সুবিধা বাড়ানোর পরামর্শ দেন।

চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি মোহা. শফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য দেন অতিরিক্ত আইজিপি মঈনুর রহমান চৌধুরী, চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনার আব্দুল জলিল মণ্ডল, পুলিশ কল্যাণ ফান্ডের দপ্তর সচিব ও এআইজি (উন্নয়ন) গাজী মোহাম্মদ মোজাম্মেল হক, আরএফ পুলিশ প্লাজা ব্যবসায়ী সমিতির সভাপতি এআরএম শামীম উদ্দিন, আরএফ ডেভেলপমেন্টের ব্যবস্থাপনা পরিচালক কামরুল হাসান বাচ্চু।

নগরীর নন্দনকাননে নির্মিত নয় তলা ‘আরএফ পুলিশ প্লাজা’ চট্টগ্রামে ইলেকট্রনিক পণ্যের সবচেয়ে মার্কেট। ৩৮০টি দোকনের পাশাপশি ভবনটিতে পুলিশের জন্য রেস্ট হাউস, ক্লাব ও জিমনেসিয়ামও রয়েছে।

পুরনো খবর:

পুলিশ এখন নিরপেক্ষভাবে কাজ করছে: আইজিপি