২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পুলিশ এখন নিরপেক্ষভাবে কাজ করছে: আইজিপি

অতীতের যে কোনো সময়ের তুলনায় বাংলাদেশের পুলিশ এখন নিরপেক্ষভাবে কাজ করছে বলে মন্তব্য করেছেন এ বাহিনীর প্রধান একেএম শহীদুল হক।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নিউইয়র্ক প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Jun 2015, 02:03 PM

Updated : 12 Oct 2022, 03:44 PM

জাতিসংঘ শান্তিরক্ষা মিশনের কাজে যুক্তরাষ্ট্র সফরে গিয়ে নিউ ইয়র্কে স্থানীয় সময় রোববার সন্ধ্যায় প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে এক মতবিনিময় সভায় এ মন্তব্য করেন মহাপরিদর্শক।

শহীদুল বলেন, “আগের যে কোনো সময়ের তুলনায় বাংলাদেশের পুলিশ এখন নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করতে পারছে বলেই আইনশৃঙ্খলা পরিস্থিতি সরকারের নিয়ন্ত্রণে রয়েছে।

“বাংলাদেশের পুলিশও ধীরে ধীরে জনসাধারণের আস্থাভাজন প্রতিষ্ঠানে পরিণত হচ্ছে।”

পুলিশের সঙ্গে নাগরিকদের সম্পর্কের উন্নয়ন ঘটেছে দাবি করে পুলিশ প্রধান বলেন, “দুর্বৃত্তদের সন্ধান দিচ্ছেন এলাকাবাসী।

‘পুলিশকে অহেতুক অপবাদ দেওয়া’র সমালোচনা করে আইজিপি বলেন, সাধ্যমতো জননিরাপত্তা নিশ্চিতের চেষ্টায় পুলিশের প্রতিটি সদস্য দৈনিক গড়ে ১৮ ঘণ্টা করে কাজ করছেন।

শহীদুল অভিযোগ করেন, বিশেষ একটি মহল বাংলাদেশের ভাবমূর্তি ক্ষুণ্ন করতে বিপুল অর্থ ব্যয়ে যুক্তরাষ্ট্রে লবিস্ট ফার্ম নিয়োগ করেছে।

“বিশেষ করে বাংলাদেশে মানবাধিকার নেই বলে জঘন্য মিথ্যাচার করা হচ্ছে বিভিন্ন মহলে।”

তিনি বলেন, হরতাল-অবরোধের নামে জনজীবনকে জিম্মি করা, পেট্রোল বোমা হামলাসহ নানা নাশকতামূলক কর্মের প্রতি জনসাধারণের সমর্থন ছিল না বলেই বাংলাদেশে শান্তি প্রতিষ্ঠিত হয়েছে। 

“রাজনৈতিক কর্মসূচির আড়ালে জঙ্গিদের উত্থানের গভীর ষড়যন্ত্র করা হয়েছিল। সাধারণ মানুষের প্রতিরোধের পরিপ্রেক্ষিতে পুলিশের পক্ষে জঙ্গি দমন করা খুব সহজ হয়েছে।”

তবে পুলিশের অভিযানে জনসমর্থন আরও জোরদার হলেই জঙ্গিদের নিশ্চিহ্ন করা যাবে বলে মন্তব্য করেন আইজিপি শহীদুল।

কুইন্সের জ্যামাইকায় তাজমহল পার্টি হলে শরিয়তপুরবাসীরা এ মতবিনিময় সভার আয়োজন করে। এতে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মী ও প্রবাসী লেখক-সাংবাদিকরাও অংশ নেন।

দেশে প্রবাসীদের সম্পদের নিরাপত্তাসহ দেশ ভ্রমণের সময় যে কোন সমস্যায় সরাসরি আইজিপি কার্যালয়ে অভিযোগ দেওয়ার পরামর্শ দিয়ে দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন পুলিশ প্রধান।

সভা শেষে প্রবাসীদের পক্ষ থেকে আইজিপি শহীদুল হকের হাতে একটি সম্মানসূচক ক্রেস্ট তুলে দেওয়া হয়।

স্থানীয় সময় সোমবার সকালে ঢাকার পথে নিউ ইয়র্ক ছাড়ার কথা রয়েছে তার।