২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গাইবান্ধায় ব্যবসায়ীকে ছুরি মেরে ৬৫ লাখ টাকা ছিনতাই

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় দুই কর্মচারীসহ এক ব্যবসায়ীর হামলা চালিয়ে দুর্বৃত্তরা ৬৫ লাখ টাকা ছিনিয়ে নিয়েছে অভিযোগ পাওয়া গেছে।

গাইবান্ধা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Jun 2015, 05:35 PM

Updated : 22 Aug 2022, 12:35 PM

গোবিন্দগঞ্জ থানার ওসি এবিএম জাহিদুল ইসলাম জানান, শুক্রবার রাতে উপজেলার থানা মোড়ের ঝিলপাড়া এলাকায় গোবিন্দগঞ্জ-ঘোড়াঘাট সড়কে এ ঘটনা ঘটে।

এরপর শনিবার ভোররাতে অভিযান চালিয়ে ঘটনায় জড়িত সন্দেহে তিনজনকে আটক করেছে পুলিশ।

এরা হলেন- উপজেলা সদরের বুজরুক বোয়ালিয়া এলকার মুরাদ হোসেন (৩০) ও পারভেজ (২৮) এবং সোনারপাড়া এলাকার মানিক শেখ (২৫)।

ওসি জাহিদুল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, শুক্রবার রাতে ব্যবসায়ী কামাল উদ্দিন (৪৮) সদরের গোলেজা সুপার মার্কেটে ‘বাণিজ্যালয়’ নামে নিজের সিরামিক দোকান বাৎসরিক হালখাতায় পাওয়া ৬৫ লাখ টাকা টাকাসহ দুই কর্মচারী  রিপন ও লিটনকে সঙ্গে নিয়ে রিকশায় করে ঝিলপাড়া এলাকার বাড়িতে ফিরছিলেন।

পথে ৬/৭ জনের একদল সশস্ত্র ছিনতাইকারী রিকশার গতিরোধ করে। এরপর তাদের এলোপাতারি ছুরিকাঘাত করে টাকার দুটি ব্যাগ নিয়ে পালিয়ে যায়।

এদের মধ্যে লিটনকে গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। আর কামাল ও রিপন প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।

এ ঘটনায় রাতেই কামাল বাদী হয়ে থানায় মামলা করলে পুলিশ সন্দেহভাজন ওই তিনজনকে আটক করে বলে জানান তিনি।