২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জ্বালানি খাতে চীনের সহায়তা চাইলেন স্পিকার

বাংলাদেশের জ্বালানি খাতে চীনের সহযোগিতা চেয়েছেন জাতীয় সংসদের স্পিকার শিরীন শারমিন চৌধুরী।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Jun 2015, 01:47 PM

Updated : 22 Aug 2022, 12:35 PM

শুক্রবার চীনের ইউনান প্রদেশে দেশটির ভাইস প্রেসিডেন্ট লি উয়ানচাওয়ের সঙ্গে সাক্ষতের সময় স্পিকার এই সহযোগিতার আহ্বান জানান বলে সংসদ সচিবালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

স্পিকার বলেন, চীন বাংলাদেশের কৃষি, শিল্প, অর্থনৈতিক  উন্নয়নসহ বিভিন্ন অবকাঠামো উন্নয়নে সবসময় সহায়তা করেছে। ভবিষ্যতেও  বিভিন্ন অবকাঠামো উন্নয়নে সহায়তার মাধ্যমে বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে ভূমিকা রাখবে।

“জ্বালানি খাতে সহযোগিতার মাধ্যমে বাংলাদেশের শিল্পায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে চীন।”

এসময় চীনের  ভাইস প্রেসিডেন্ট বলেন, বাংলাদেশ ও চীনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক দীর্ঘদিনের। ভবিষ্যতে এ সম্পর্ক আরও সুদৃঢ় হবে।

তিনি বাণিজ্য সম্প্রসারণের পাশাপাশি সহযোগিতা ও বন্ধুত্বের সম্পর্ক ভবিষ্যতে আরও জোরদারের আশাবাদ প্রকাশ করেন।

লি উয়ানচাও বাংলাদেশের আর্থ-সামাজিক উন্নয়নে চীনের অব্যাহত সহযোগিতারও আশ্বাস দিয়ে বলেন, চীন শিক্ষা, কৃষি, চিকিৎসা, বিজ্ঞান সহ বিভিন্ন খাতে সহায়তা প্রদান করে চলেছে। ভবিষ্যতে এ সহযোগিতা আরও বাড়বে।

এর আগে শিরীন শারমিন  চীনের ইউনান প্রভিনশিয়াল কমিটির পার্টি সেক্রেটারি লি জিহেংয়ের সঙ্গে তার কার্যালয়ে বৈঠক করেন।

এসময় স্পিকার বলেন, দারিদ্র্য বিমোচন, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবেলা ও আঞ্চলিক সহযোগিতার ক্ষেত্রে বাংলাদেশ ও চীনের এক সঙ্গে কাজ করার সুযোগ রয়েছে।

চীন সরকারের আমন্ত্রণে গত বৃহস্পতিবার চার দিনের সফরে ইউনান প্রদেশে যান শিরীন শারমিন। আন্তর্জাতিক দুটি মেলায় যোগ দিতে স্পিকারের এই সফর। রোববার তার দেশে ফেরার কথা রয়েছে।