কক্সবাজারে যুবক খুন, কাউন্সিলর গ্রেপ্তার
কক্সবাজারের টেকনাফে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।
বৃহস্পতিবার রাতে টেকনাফ পৌরসভার পুরাতন পল্লান পাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
এ ঘটনায় জড়িত সন্দেহে পৌরসভার কাউন্সিলর মোহাম্মদ হারেছকে গ্রেপ্তার করেছে বলে জানান টেকনাফ থানার ওসি আতাউর রহমান খোন্দকার।
নিহত মোহাম্মদ সেলিম ওরফে মুন্ডি (৩৪) পুরাতন পল্লান পাড়ার আব্দুস শরীফের ছেলে।
স্থানীয় লোকজন ও নিহত যুবকের স্বজনদের বরাত দিয়ে ওসি আতাউর রহমান জানান, বৃহস্পতিবার রাতে সেলিম তার এক বন্ধুর বাড়ি যাচ্ছিলেন।
পুরাতন পল্লান পাড়ায় একদল মুখোশধারী তার উপর হামলা চালায়।
এ সময় তারা সেলিমকে ধারালো অস্ত্র দিয়ে বুকে ও পিঠে কুপিয়ে পালিয়ে যায়।
পুলিশ ঘটনাস্থল থেকে সেলিমকে উদ্ধারের পর টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
তার লাশ কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
ওসি জানান, শুক্রবার সকালে নিহতের বড় ভাই থানায় মৌখিক অভিযোগ করার পর পৌর কাউন্সিলর মোহাম্মদ হারেছকে গ্রেপ্তার করে পুলিশ।
এছাড়া বিকালে সেলিমের বড় ভাই জসিমউদ্দিন বাদী হয়ে কাউন্সিলর হারেছসহ ৭ জনকে আসামি করে মামলা দায়ের করেছেন বলে জানান ওসি।
