২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পাহাড় কাটার বিরুদ্ধে সারা বছর অভিযান চান পরিবেশবাদীরা

চট্টগ্রামে সারা বছর ধরে পাহাড় দখল ও কাটার বিরুদ্ধে অভিযান পরিচালনার দাবি জানিয়েছেন পরিবেশবাদীরা।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Jun 2015, 02:16 AM

Updated : 12 Oct 2022, 03:49 PM

বৃহস্পতিবার বিকালে চট্টগ্রাম কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে এক নাগরিক স্মরণসভায় এ দাবি জানানো হয়।

২০০৭ সালের ১১ জুন চট্টগ্রামে পাহাড় ধসে নিহত ১২৭ জনের স্মরণে প্রদীপ প্রজ্জালন ও নাগরিক স্মরণ সভা যৌথভাবে আয়োজন করে পরিবেশবাদী সংগঠন পিপলস ভয়েস ও বেসরকারি উন্নয়ন সংস্থা বাংলাদেশ নারী প্রগতি সংঘ।

সভায় ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউট চট্টগ্রামের সাবেক সভাপতি প্রকৌশলী দেলোয়ার মজুমদার বলেন, শুরুতে পাহাড় দখলে ব্যক্তি জড়িত ছিল। এখন প্রভাবশালী ব্যক্তি ছাড়াও সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান পাহাড় দখল করছে। আর ঢাল হিসেবে ব্যবহার করা হচ্ছে সাধারণ মানুষকে।

পরিবেশবিদ মো. ইদ্রিস আলী বলেন, চট্টগ্রামে পাহাড় রক্ষায় কমিটি আর সুপারিশ হয়, বাস্তবায়ন হয় না।

“মাঝে মাঝে অভিযান হলে যন্ত্রপাতি আর মাটি কাটার শ্রমিকরা আটক হয়, কিন্তু মদতদাতারা নেপথ্যেই থেকে যায়।”

পিপলস ভয়েসের সভাপতি শরীফ চৌহান বলেন, ২০০৭ সালের বিপর্যয়ের পর ৩৬ দফা সুপারিশ করে পাহাড় রক্ষা কমিটি। কিন্তু এর কোনোটাই বাস্তবায়ন হয়নি।

“এখনো প্রতি বছর পাহাড় ধসে মানুষ মারা যাচ্ছে। ২০০৭ সাল থেকে দাবি জানিয়ে আসছি ১১ জুনকে পাহাড় রক্ষা দিবস ঘোষণার। এ বিষয়েও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কর্ণপাত নেই।”

সভার শুরুতে পাহাড় ধ্বসে নিহতদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়।

সভায় আরও বক্তব্য রাখেন উদীচী চট্টগ্রাম জেলার সহ-সভাপতি সুনীল ধর, আবৃত্তি সংগঠন প্রমার সভাপতি রাশেদ হাসান, উন্নয়ন সংস্থা ‘উতস’র নির্বাহী পরিচালক মোস্তফা কামাল যাত্রা, শিক্ষিকা সালমা জাহান মিলি, পিপলস ভয়েসের আতিকুর রহমান ও রুবেল দাশ প্রিন্স।

সভা শেষে পাহাড় ধসে নিহতদের স্মরণে মোমবাতি প্রজ্জালন করা হয়।