রামপাল বিদ্যুৎ কেন্দ্র থেকে সরে আসতে বিএনপির আহ্বান
সুন্দরবনের কাছে রামপালে কয়লা বিদ্যুৎ কেন্দ্র স্থাপনের সরকারের ‘একগুয়েমীর’ সিদ্ধান্ত বাতিলের দাবি জানিয়েছে বিএনপি।
বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে দলের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আসাদুজ্জামান রিপন বলেন, “সরকার যদি রাষ্ট্রের স্বার্থ বিবেচনা করেন, দেশের পরিবেশ ও জীব-বৈচিত্র্যের স্বার্থের কথা যদি বিবেচনা করেন, তাহলে নিঃসন্দেহে আমরা বিশ্বাস করি, তারা সুন্দরবনের কাছে রামপালের কয়লাভিত্তিক বিদ্যুৎ প্রকল্প স্থাপনের একগুয়েমী থেকে বেরিয়ে আসবেন।”
একইসঙ্গে তিনি বলেন, বিএনপি বিদ্যুৎ কেন্দ্রের বিরোধী নয়, তবে তা যেন সুন্দরবনের কাছে না হয়।
অন্য যে কোনো জায়গায় বিদ্যুৎ প্রকল্পের বিষয়ে কোনো আপত্তি নেই জানিয়ে রিপন বলেন, “আমাদের অনেক উৎস আছে, বিদ্যুৎ উৎপাদন করতে পারব। কিন্তু আমাদের অনেক সুন্দরবন নেই।”
সুন্দরবন রক্ষায় সব রাজনৈতিক দলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বানও জানান বিএনপি নেতা।
নয়া পল্টনে এই সংবাদ সম্মেলনে বিএনপির আইন বিষয়ক সম্পাদক জিয়াউর রহমান খান, পরিবেশ বিষয়ক সম্পাদক শাহজাহান মিলন, কেন্দ্রীয় নেতা আবদুস সালাম আজাদ, মুস্তাফিজুর রহমান বাবুল, আসাদুল করীম শাহিন, শামসুল আলম তোফা, সাবেক সাংসদ মাসুদ অরুন, হেলেন জেরিন খান, শাম্মী আখতার বক্তব্য রাখেন।
