২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

অবহেলায় প্রসূতি মৃত্যুর অভিযোগ, ক্লিনিক ভাংচুর

ফেনীতে চিকিৎসকের অবহেলায় প্রসূতি মৃত্যুর অভিযোগে একটি ক্লিনিকে ভাংচুর চালিয়েছে তার স্বজনরা।

ফেনী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Jun 2015, 09:35 PM

Updated : 12 Oct 2022, 03:49 PM

বৃহস্পতিবার সকালে শহরের শহীদ শহীদুল্লাহ কায়সার সড়কের ইবনে হাসমান ক্লিনিকে মারা যান নাসরিন আক্তার। তিনি সদর উপজেলার মৌটবী ইউনিয়নের লস্করহাট এলাকার নুরুল আফসারের স্ত্রী।

নাসরিনের ভাই বোরহান উদ্দিন বাবলু বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বুধবার রাত ৯টার দিকে প্রসব ব্যথা শুরু হলে নাসরিনকে ইবনে হাসমান ক্লিনিকে ভর্তি করা হয়। রাত সাড়ে ১২টায় গাইনি বিশেষজ্ঞ শায়েরা শরিফা শিল্পী তার অস্ত্রোপচার করেন।

“অপারেশনের পর থেকে নাসরিনের অতিরিক্ত রক্তক্ষরণ হতে থাকে। এ সময় তার সঙ্গে থাকা শাশুড়ি সুফিয়া খাতুন ও ননদ রহিমা বেগম একাধিক বার কর্তব্যরত চিকিৎসককে জানালেও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি।

“সকাল ৯টার দিকে হাসপাতাল থেকে আমাকে ফোন করে জানানো হয়, রোগীর রক্ত লাগবে। হাসপাতালে গিয়ে দেখি নাসরিন মারা গেছে।”

এবিষয়ে ইবনে হাসমান ক্লিনিকের দায়িত্বরত চিকিৎসক ডা. মৃণাল ভট্টাচার্য বলেন, প্রসূতির মৃত্যুতে চিকিৎসায় কোনো অবহেলা করা হয়নি। তাদের পক্ষ থেকে রোগীকে বাঁচানোর সর্বোচ্চ চেষ্টা করা হয়েছে।

তিনি বলেন, প্রসূতির মৃত্যুর খবর পেয়ে রোগীর স্বজনা ক্লিনিকে হামলা চালিয়ে ব্যাপক ভাংচুর করেছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

নবজাতক শিশুটির অবস্থার অবনতি হওয়ায় দুপুরে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে বলেও জানান মৃণাল।

ফেনীর সিভিল সার্জন ডা. মোহাম্মদ ইউসুফ বলেন, “প্রসূতি মৃত্যুর বিষয়টি শুনেছি। বিস্তারিত না জেনে এ বিষয়ে কিছু বলতে পারছি না।”

ফেনী মডেল থানার এসআই জিয়াউল হক বলেন, ক্লিনিকে ভাংচুরের খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল।

“চিকিৎসকের অবহেলায় রোগী মারা যাওয়ার ব্যাপারে থানায় কেউ কোনো লিখিত অভিযোগ করেনি। অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।”