২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হত্যার অভিযোগে দুজনকে গ্রেপ্তারের পর মিলল কঙ্কাল

এক কিশোরকে হত্যার অভিযোগে ঢাকার দারুস সালাম থানা এলাকা থেকে দুইজনকে গ্রেপ্তারের পর তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে একটি কঙ্কাল উদ্ধার করেছে পুলিশ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Jun 2015, 07:23 PM

Updated : 22 Aug 2022, 12:34 PM

গ্রেপ্তার দুজন হলেন- শহীদুল ইসলাম ভুট্টু ও রকিবুল হাসান রকি।  

আবুল বাশার নামের এক কিশোরকে হত্যার অভিযোগে বুধবার রাতে দারুস সালাম থানার পুলিশ তাদের গ্রেপ্তার করে।

থানার উপ পরিদর্শক জামাল উদ্দিন বলেন, “তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে বৃহস্পতিবার সকাল ৯টার দিকে দীপনগর টাওয়ারের পূর্ব পাশে বাজারসংলগ্ন এলাকায় একটি কাঁচা টয়লেটের ভেতর থেকে কঙ্কালটি উদ্ধার করা হয়।”

ডিএনএ পরীক্ষার জন্য কঙ্কালটি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানান তিনি।

পটুয়াখালীর লোকমান পেয়াদার ছেলে আবুল বাশার (১৪) চলতি বছরের ১০ ফেব্রুয়ারি ঢাকার দারুস সালাম এলাকায় ফুপাতো বোনের ছেলে রবিউলের বাসায় বেড়াতে আসে। সাতদিন পর ওই বাসা থেকে সে নিখোঁজ হলে বাশারের পরিবার থানায় সাধারণ ডায়েরি করে।

তার বড় ভাই আলী হোসাইন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বাশার পঞ্চম শ্রেণি পর্যন্ত পড়ে স্কুল ছেড়ে দিয়েছিল। রবিউল একটি গার্মেন্টে তাকে কাজ দেওয়ার আশ্বাস দেওয়ায় সে ঢাকায় আসে।

“রবিউল আর তার বাবা হেলাল উদ্দীনের সঙ্গে আমাদের বিভিন্ন বিষয়ে পারিবারিক বিরোধ ছিল। তারপরও আমার ভাই এসেছিল। আমি বুধবার সন্ধ্যায় রবিউলের বাসায় গিয়ে বলি, তারাই যে বাশারকে মেরেছে, তা তার বন্ধুরা আমাকে জানিয়ে দিয়েছে। প্রথমে অস্বীকার করলেও পরে রবিউল স্বীকার করে যে তারা চার বন্ধু মিলে বাশারকে ছুরি মেরে হত্যা করেছে।”

এরপর বাশারের বাবা লোকমান পেয়াদা দারুস সালাম থানায় গিয়ে রবিউল, তার বন্ধু শহীদুল, রকি ও রানা এবং রবিউলের বাবা হেলাল উদ্দিনের বিরুদ্ধে মামলা করেন।

ওই মামলার ভিত্তিতে বুধবার রাতে পুলিশ শহীদুল ও রকিকে গ্রেপ্তার করে এবং জিজ্ঞাসাবাদে তাদের দেওয়া তথ্যে অনুসন্ধান চালিয়ে কঙ্কাল পায়।

আলী হোসাইনের ধারণা, পুলিশ যে কঙ্কালটি উদ্ধার করেছে, সেটি বাশারেরই।