যশোরে স্কুলে ভাইকে বেঁধে বোনকে ধর্ষণ
যশোরের শার্শায় একটি স্কুলের ভেতরে নিয়ে ছোট ভাইকে বেঁধে রেখে বরিশালের এক নারীকে ধর্ষণ করেছে তিন ব্যক্তি।
শার্শা থানার ওসি ইনামুল হক জানান, বুধবার রাতে শার্শা উপজেলার রুদ্রপুর গ্রামের সীমান্ত নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ে ধর্ষণের ঘটনার সময় এলাকাবাসী একজনকে আটক করে পুলিশে সোপর্দ করেছে।
ওসি ইনামুল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, আটক আজগর আলি একই গ্রামের বাসিন্দা ও ধর্ষণের মূল পরিকল্পনাকারী। পেশায় ফেনসিডিল বিক্রেতা আজগরের সঙ্গে ওই নারীর পূর্ব পরিচয় ছিল।
জিজ্ঞাসাবাদে দেওয়া আজগরের বক্তব্য উদ্ধৃত করে তিনি বলেন, বরিশালের ওই নারীর কাছে ফেনসিডিল বিক্রির ১০ হাজার টাকা পাওনা আদায় করতে না পেরে তাকে শায়েস্তা করার পরিকল্পনা আঁটে আজগর। যশোর থেকে সস্তায় আম কিনে বরিশালে বিক্রি করলে অনেক লাভ হবে বলে লোভ দেখিয়ে নারীকে ডেকে আনে। বুধবার সকালে ভাই-বোন যশোরে নেমে আজগরের বাসায় ওঠে।
“পরে রাতের বেলা আম কিনতে যাওয়ার কথা বলে ভাই-বোনকে ওই স্কুলের ভেতরে নিয়ে যায় আজগর ও তার দুই সঙ্গী। তারা ভাইকে একটি শ্রেণিকক্ষে হাত-পা বেঁধে রেখে ওই নারীকে পাশের কক্ষে নিয়ে ধর্ষণ করে। এসময় ওই নারীর চিৎকারে এলাকাবাসী টের পেয়ে স্কুল ঘেরাও করে আজগরকে হাতে নাতে ধরলেও বাকি দুজন পালিয়ে যায়।”
এলাকাবাসীর কাছে খবর পেয়ে পুলিশ ভাই-বোনকে উদ্ধার করে এবং আজগরকে আটক করে থানায় নিয়ে যায়।
ওসি ইনামুল বলেন, “উদ্ধার ওই নারী ও তার ভাইকে থানা হেফাজতে রাখা হয়েছে। আজই ওই নারীর জবানবন্দী রেকর্ড করা হবে এবং তার ডাক্তারি পরীক্ষার জন্য আদালত ও যশোর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হবে।”
এরই মধ্যে এ ঘটনায় শার্শা থানায় একটি মামলা হয়েছে বলেও ওসি জানান।
