চলন্ত বাসে উঠার চেষ্টায় প্রাণ গেল ব্যবসায়ীর
মানিকগঞ্জ সদর উপজেলায় চলন্ত বাসে উঠার চেষ্টা করতে গিয়ে ওই বাসের নিচে চাপা পড়ে নিহত হয়েছেন এক সব্জি ব্যবসায়ী।
বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টার দিকে মানিকগঞ্জ বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে মানিকগঞ্জ সদর থানার ওসি আমিনুর রহমান জানান।
নিহত আবুল হোসেনের (৪০) বাড়ি দৌলতপুর উপজেলার বাঘুটিয়া গ্রামে। ঢাকার আশুলিয়ার বাইপাইল এলাকায় সব্জির ব্যবসা করতেন তিনি।
পুলিশ কর্মকর্তা আমিনুর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সকালে গ্রাম থেকে বাসস্ট্যান্ডে এসে বিআরটিসির ঢাকাগামী একটি চলন্ত বাসে উঠার চেষ্টা করেন আবুল। একপর্যায়ে হাত পিছলে তিনি রাস্তায় পড়ে গেলে ওই বাসের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই মারা যান।
“দুর্ঘটনার পর গোলড়া এলাকা থেকে ওই বাসটিকে আটক করা হলেও চালক ও তার সহকারী পালিয়ে গেছেন।”
লাশ ময়নাতদন্তের জন্য মানিকগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে বলে ওসি আমিনুর জানান।
