কৃষকের চাল সরাসরি কেনার প্রস্তাব সংসদে
কৃষকের কাছ থেকে সরাসরি চাল কেনার প্রস্তাব করেছেন সরকারদলীয় এক সংসদ সদস্য।
বুধবার জাতীয় সংসদে নতুন অর্থবছরের প্রস্তাবিত বাজেটের উপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে কৃষকের ক্ষতি কমিয়ে আনতে আওয়ামী লীগের পঞ্চানন বিশ্বাস এ প্রস্তাব রাখেন।
পাশাপাশি তিনি বলেন, “আগামী বাজেটে ৭ শতাংশ জাতীয় দেশজ উৎপাদন বা জিডিপি প্রবৃদ্ধির যে লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে তা অর্জন অসম্ভব নয়। গ্রামীণ অর্থনীতি এখন বেশ চাঙা। এ কারণে গ্রামে এখন কাজের লোকও খুঁজে পাওয়া যায় না।”
এ সময় কেরোসিনের দাম কমানোরও দাবি জানান খুলনা থেকে নির্বাচিত এই সংসদ সদস্য।
তিনি বলেন, “বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম কমলেও দেশে তেলের দাম কমানো হয়নি। গরীব জনগোষ্ঠীর কথা চিন্তা করে হলেও আগামী বাজেটে কেরোসিনের দাম কমানো হোক।”
গত ৪ জুন জাতীয় সংসদে নতুন অর্থবছরের বাজেট ও চলতি অর্থবছরের সম্পূরক বাজেট উত্থাপন করেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।
বাজেট উপস্থাপনের পর সোমবার থেকে সংসদে এর উপর আলোচনা শুরু হয়।
প্রথম দুদিন সম্পূরক বাজেটের ওপর আলোচনা শেষে বুধবার থেকে আগামী অর্থবছরের প্রস্তাবিত বাজেটের ওপর আলোচনা শুরু করেন সংসদ সদস্যরা।
কর আদায় পদ্ধতি সহজ করার তাগিদ দিয়ে সংসদ সদস্য আলী আশরাফ বলেন, “কর প্রশাসনের গায়ে ভূত আছে। যদি কর আদায় পদ্ধতি সহজ করা হয় তাহলে এক কোটি মানুষের কাছ কর আদায় করা সম্ভব।”
স্বতন্ত্র সংসদ সদস্য তাহজীব আলম সিদ্দিকী বলেন, “পরিচিত অর্থনীতিবিদ, অনুগত ব্যবসায়ী সংগঠন, সমভাবনার সাংবাদিক সংগঠনের নেতাদের সঙ্গে কথা বললেই বাজেট সকলের অংশগ্রহণমূলক হয়ে যায় না। প্রস্তাবিত বাজেটে রাজস্ব আদায়ের যে লক্ষ্যমাত্রা ধরা হয়েছে তা কোনোভাবেই বাস্তবিক না। বরং যারা করের আওতায় আছেন তাদের উপরই করের চাপ বাড়ছে।”
অতীতে পুঁজিবাজার যারা নিয়ন্ত্রণ করেছে তারা পুঁজিবাজারকে ‘কেসিনো হিসেবে ব্যবহার করেছে’ বলে অভিযোগ তুলে তাহজীব বলেন, “এখনো পুঁজিবাজার পুঁজি গঠনে যথাযথ ভূমিকা রাখতে পারছে না।”
বাজেটের আকার ‘বড়’ এমন সমালোচনার জবাবে হুইপ শহীদুজ্জামান সরকার বলেন, “আমরা আকাশ ছোঁয়ার স্বপ্ন নিয়ে এগিয়ে যাচ্ছি।”
“বিএনপি বাজেটের সমালোচনা করবে এটাই স্বাভাবিক। বিএনপির মতো ‘দেশশত্রু’ যদি আমাদের বাজেটের প্রশংসা করে তাহলে বুঝতে হবে আমরা ভুল পথে হাঁটছি।”
এর আগে পয়েন্ট অব অর্ডারে দাঁড়িয়ে অনির্ধারিত আলোচনায় অংশ নিয়ে স্বতন্ত্র সংসদ সদস্য হাজি সেলিম বাংলাদেশে কর্মরত বিদেশিদের কাছ থেকে কর আদায়ের দাবি জানান।
তিনি বলেন, “বিদেশিদের কর আদায়ের ক্ষেত্রে ধাক্কা দেওয়া গেলে বাজেট ঘাটতির টাকা এ খাত থেকে আদায় করা সম্ভব। এনবিআরের কানে একটু পানি দেওয়ার ব্যবস্থা করলে একটু ভালো হয়।”
