২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাসে পেট্রোল বোমা: অভিযুক্ত ১৩২ জামায়াত নেতাকর্মী

বিএনপি নেতৃত্বাধীন জোটের অবরোধের মধ্যে রংপুরে বাসে পেট্রোল বোমা হামলার মামলায় জামায়াত-শিবিরের  ১৩২ নেতাকর্মীর বিরুদ্ধে অভিযোগপত্র দিয়েছে পুলিশ।

রংপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Jun 2015, 05:30 PM

Updated : 12 Oct 2022, 03:49 PM

পুরনো খবর:

মিঠাপুকুরে বাসে দগ্ধ আরেকজনের মৃত্যু

বুধবার দুপুরে রংপুরের বিচারিক হাকিম হাফিজুল ইসলামের আদালতে অভিযোগপত্র জমা দেন মামলার তদন্ত কর্মকর্তা মিঠাপুকুর থানার পরিদর্শক (তদন্ত) নজরুল ইসলাম।

গত ১৩ জানুয়ারি মধ্যরাতে মিঠাপুকুর উপজেলার বাতাসন ফতেপুর এলাকায় রংপুর-ঢাকা মহাসড়কে বাসে পেট্রোল বোমায় দগ্ধ হয়ে মারা যায় এক শিশুসহ ছয়জন। গুরুতর দগ্ধ হয় আরও ৩০ জন।

কুড়িগ্রামের উলিপুর থেকে ‘খলিল স্পেশাল’ নামের বাসটি যাত্রী নিয়ে গাজীপুর যাচ্ছিল।

ওই ঘটনায় মিঠাপুকুর থানার উপ পরিদর্শক (এসআই) আব্দুর রাজ্জাক বাদী হয়ে মামলা করেন।

তদন্ত কর্মকর্তা নজরুল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলন, “মামলায় মিঠাপুকুর উপজেলা জামায়াতের আমির এনামুল হক, রুকন ও উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুল বাসেত মারজান এবং জামায়াতে ইসলামীর মুখপত্র সংগ্রামের মিঠাপুকুর উপজেলা প্রতিনিধি হাফিজুর রহমানকে প্রধান আসামি করা হয়েছে।”

হাফিজুর এক সময় জামায়াতের ছাত্র সংগঠন ইসলামী ছাত্রশিবিরের সক্রিয় সদস্য ছিলেন জানিয়ে তিনি আরও বলেন, বাসে পেট্রোল বোমা হামলার ঘটনায় ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছেন হাফিজুর।

“এ কারণে তাকেও প্রধান আসামি করা হয়েছে।”  

এ মামলায় হাফিজুরসহ ৪৯ আসামি কারাগারে থাকলেও এনামুল হক এবং আব্দুল বাসেত মারজান ঘটনার পর থেকে পলাতক রয়েছেন বলে জানান এ পুলিশ কর্মকর্তা।