চট্টগ্রামে দেয়াল ধসে পথচারীর মৃত্যু
চট্টগ্রামে রাস্তার পাশের একটি নির্মাণাধীন ভবনের সীমানা প্রাচীর ধসে এক পথচারী নিহত এবং এক শিশুসহ তিনজন আহত হয়েছেন।
বুধবার সকাল সাড়ে ৯টার দিকে বাকলিয়ার আফগান মসজিদ এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে বাকলিয়া থানার ওসি মো. মহসীন জানান।
নিহত মো. ফরিদুল হকের (৫০) বাড়ি কুমিল্লার মুরাদপুর উপজেলার সরকার বাড়িতে।
আহত হাবিবুর রহমান (২২), মো. রানা (৮) ও অভিজিত দত্তকে (১৩) চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বাকলিয়া থানার ওসি জানান, রাস্তার পাশের ওই বাড়ির পুরনো সীমানা দেয়াল রেখেই ভেতরে পাইলিংয়ের কাজ চলছিল। সকালে হঠাৎ করে দেয়ালটি বাইরের দিকে ধসে পড়লে চারজন চাপা পড়েন।
স্থানীয়রা তাদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসক ফরিদকে মৃত ঘোষণা করেন বলে হাসপাতাল পুলিশ ফাঁড়ির নায়েক জাহাঙ্গীর আলম জানান।
