২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

যশোরে ২ যুবক খুন

যশোর সদর ও বাঘারপাড়া উপজেলায় দুই যুবক খুন হয়েছেন। পুলিশ বলছে, দুটি ঘটনাই ঘটেছে ‘পরকীয়া প্রেমের’ ঘটনাকে কেন্দ্র করে।

যশোর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Jun 2015, 11:31 AM

Updated : 22 Aug 2022, 12:33 PM

এর মধ্যে সদর উপজেলার ঘটনায় হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে একজনকে ধরে পুলিশে দিয়েছে এলাকাবাসী।

সোমবার রাতে ও মঙ্গলবার সন্ধ্যায় এ দুটি হত্যাকাণ্ড ঘটে বলে দুই উপজেলার পুলিশ কর্মকর্তারা জানিয়েছেন।

নিহতরা হলেন- সদর উপজেলার জয়ন্তা গ্রামের মুদি দোকানি লিটন হোসেন (২৭) এবং বাঘারপাড়া উপজেলার ধলগ্রাম ইউনিয়নের অন্তাইখোলা গ্রামের শরিফুল ইসলাম (২৫)।

কোতোয়ালি থানার ওসি সিকদার আককাছ আলী জানান, লিটন হত্যার ঘটনায় মালয়েশিয়া প্রবাসী এক ব্যক্তির শ্বশুরকে আটক করা হয়েছে। ঘটনাস্থল থেকে রক্তমাখা একটি ক্রিকেট ব্যাট ও একটি বাঁশের লাঠি উদ্ধার করেছে পুলিশ।

সোমবার রাতে ওই ব্যাট ও লাঠি দিয়ে পিটিয়েই লিটনকে হত্যা করা হয়।

এলাকাবাসীর বরাত দিয়ে ওসি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, গ্রেপ্তার ওই ব্যক্তির মেয়ের সঙ্গে মুদি দোকানি লিটনের সম্পর্ক গড়ে উঠেছিল। লিটন রাতের বেলা মেয়েটির বাসায় গেলে ওই মেয়ের বাবা ও ভাই তাকে ধরে ব্যাট ও বাঁশ দিয়ে পেটায়।

“এতে লিটন লুটিয়ে পড়ে এবং একপর্যায়ে মারা যায়। তারা গোপনে লাশটি টেনে লিটনের দোকানের সামনে নিয়ে আসার চেষ্টা করলে এলাকার লোকজন টের পেয়ে যায় এবং মেয়ের বাবাকে আটকে পুলিশে খবর দেয়।”

অন্যদিকে, বাঘারপাড়া উপজেলার ধলগ্রাম ইউনিয়নের অন্তাইখোলা গ্রামে এক প্রবাসীর স্ত্রীর সঙ্গে স্থানীয় ইনামুল কবিরের ‘প্রেমের সম্পর্ককে’ কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষে শরিফুলের মৃত্যু হয় বলে জানিয়েছে পুলিশ।

বাঘারপাড়া থানার ওসি কায়ুম শিকদার জানান, নিহত শরিফুল ছিলেন ইনামুলের চাচাতো ভাই।

স্থানীয়দের বরাত দিয়ে ওসি বলেন, “ওই প্রবাসীর স্ত্রীর সঙ্গে ইনামুলের প্রেমের সম্পর্কের কথা ওঠায় দুই পরিবারের মধ্যে বিরোধ চলছিল। এ নিয়ে সম্প্রতি গ্রামে শালিসও হয়। এর জেরেই ইনামুলের পরিবারের লোকজন মঙ্গলবার ওই প্রবাসীর পরিবারের উপর হামলা চালায়।”

একপর্যায়ে দুই পক্ষ লাঠি নিয়ে সংঘর্ষে জড়লে শরিফুল আহত হন। প্রথমে যশোর হাসপাতালে নেওয়া হলেও সেখান থেকে ঢাকায় পাঠানোর পথে মঙ্গলবার রাতে তার মৃত্যু হয়।  

এদিকে, শরিফুলের মৃত্যুর খবরে তার পক্ষের লোকজন রাতে আবারও প্রতিপক্ষের বাড়িতে হামলা চালায় এবং আগুন লাগিয়ে দেয়। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে বলে জানান ওসি।

ওসি কায়ুম বুধবার সকালে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “এ ঘটনায় নিহতের চাচাতো ভাই শাহ আলম বাদী হয়ে মামলা করেছেন। তবে এখনও কাউকে আটক করা হয়নি।”