প্রেমের ফাঁদ পেতে অপহরণ, নারীসহ গ্রেপ্তার ৮
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে এক ব্যবসায়ীকে প্রেমের ফাঁদে ফেলে অপহরণের পর মুক্তিপণ আদায়ের সময় তিন নারীসহ আট জনকে আটক করেছে র্যাব।
মঙ্গলবার দুপুরে এক প্রেস ব্রিফিংয়ে র্যাব-১১ এর অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ সালাহ উদ্দিন তালুকদার এ তথ্য জানান।
সিদ্ধিরগঞ্জের আদমজীতে র্যাব-১১ ব্যাটালিয়ন কার্যালয়ে আয়োজিত ওই প্রেস ব্রিফিংয়ে বলা হয়, অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ সালাহ উদ্দিন তালুকদার ও এএসপি আলেফ উদ্দিনের নেতৃত্ব একটি দল সোমবার ও মঙ্গলবার নারাণগঞ্জের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে অপহরণ চক্রের এই আট জনকে গ্রেপ্তার করে।
এরা হলেন, নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার আতকোফা গ্রামের রাজু আহম্মেদ ওরফে মনিরের স্ত্রী রঞ্জিতা (৩৪), ফতুল্লার লামাপাড়ার ইন্না মিয়ার ছেলে আব্দুল হালিম (২৫), সিদ্ধিরগঞ্জের সৈয়দপাড়ার মহিউদ্দিনের স্ত্রী তানিয়া (২৫), তাঁতখানা সৈয়দপাড়ার সালাউদ্দিনের মেয়ে তানজিলা (২০), হিরাঝিলের মৃত হাতেম আলীর ছেলে আব্দুল হক (৩৬), পাইনাদী নতুন মহল্লার অলিউল্ল্যাহ ভূঁইয়ার ছেলে তারেক (২৮), মুক্তিনগরের আজিম উদ্দিনের ছেলে রানা (২৭) এবং মিজমিজি পাইনাদীর শাহজাহানের ছেলে জসীম উদ্দিন (২৯)।
র্যাব জানায়, রঞ্জিতা ও তানিয়া সোনারগাঁয়ের ড্রেজিং ব্যবসায়ী মোরশেদ আলমকে মোবাইল ফোনের মাধ্যমে প্রেমের ফাঁদে ফেলে আব্দুল হকের বাসার চতুর্থ তলার একটি রুমে নিয়ে আটকে রাখে।
পরে কথিত সাংবাদিক আব্দুল হালিমকে ডেকে এনে তাদের সঙ্গে মোরশেদের ঘনিষ্ঠ ছবি তুলে তা গণমাধ্যমে প্রকাশ করার ভয় ভীতি দেখায়। পরে তারা (অপহরণকারীরা) মোরশেদের মোবাইল ফোন থেকে তার বন্ধু হাসানের মোবাইল ফোনে একটি বিকাশ নম্বর পাঠিয়ে (নম্বর ০১৯৮৮৯৮৭০৬১) দুই লাখ টাকা মুক্তিপণ দাবি করে।
প্রেস ব্রিফিংয়ে আরও বলা হয়, মোরশেদের ভাই আবুল কাশেম ওই বিকাশ নম্বরে ৫০ হাজার টাকা পাঠান এবং এ বিষয়ে সোমবার সোনারগাঁও থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। পরে বিষয়টি র্যাবকে জানান।
অভিযোগের ভিত্তিতে মোবাইল ট্রেকিং ও প্রযুক্তির মাধ্যমে অপহরণকারীদের অবস্থা নিশ্চিত করে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের তাঁতখানা সৈয়দপাড়া গ্রামের শামীমের বিকাশের দোকান থেকে মুক্তিপণের টাকা নিতে আসা তানিয়াকে আটক করে র্যাব।
পরে তানিয়ার দেওয়া তথ্যানুসারে বাকিদের গ্রেপ্তার ও মোরশেদকে উদ্ধার করা হয় বলে জানান অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ সালাহ উদ্দিন তালুকদার।
