২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফাঁসির রায়ে সন্তুষ্ট জাগরণ মঞ্চ, সম্পদ বাজেয়াপ্তের দাবি

যুদ্ধাপরাধী হাসান আলীর মৃত্যুদণ্ডের রায়ে সন্তোষ প্রকাশ করেছে যুদ্ধাপরাধীদের সর্বোচ্চ শাস্তির দাবিতে গড়ে ওঠা গণজাগরণ মঞ্চ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Jun 2015, 04:06 PM

Updated : 12 Oct 2022, 03:48 PM

পূর্বঘোষণা অনুযায়ী মঙ্গলবার সকাল ১১টা থেকে শাহবাগ প্রজন্ম চত্বরে অবস্থান শুরু করে গণজাগরণ মঞ্চ।

ট্রাইবুনালের রায়ে হাসান আলীর মৃত্যুদণ্ডের আদেশে পেয়ে স্লোগানে স্লোগানে আনন্দ প্রকাশ করতে দেখা যায় তাদের।

স্বাধীনতাযুদ্ধের সময় কিশোরগঞ্জে হত্যা, গণহত্যা, অপহরণ, লুটপাটের মতো যুদ্ধাপরাধের দায়ে তখনকার রাজাকার কমান্ডার পলাতক সৈয়দ মো. হাসান আলীকে মৃত্যুদণ্ড দেয় আদালত।

একাত্তরের মানবতাবিরোধী অপরাধের বিচারে গঠিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান বিচারপতি এম ইনায়েতুর রহিম এ রায় ঘোষণা করেন।

তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় গণজাগরণ মঞ্চের মুখপাত্র ইমরান এইচ সরকার বলেন, “এই রায়ের মাধ্যমে দেশবাসীর দীর্ঘদিনের প্রতীক্ষার অবসান হলো। গণজাগরণ মঞ্চ এই রায়ে সন্তুষ্ট। সরকারের দায়িত্ব এই পলাতক যুদ্ধাপরাধীকে যেকোনো মূল্যে খুঁজে বের করে তার শাস্তি কার্যকর করা।”

যুদ্ধাপরাধীদের বিচারের পাশাপাশি তাদের সম্পদ বাজেয়াপ্ত করারও দাবি জানান তিনি।

ইমরান বলেন, “যুদ্ধাপরাধীদের সন্তানরা তাদের সম্পদ দেশে জঙ্গিবাদের উত্থানে কাজে লাগাচ্ছে। ব্লগারদের হত্যা ও জঙ্গিবাদের উত্থানের পেছনে যুদ্ধাপরাধী সংগঠন জামায়াত-শিবির ও যুদ্ধাপরাধীদের সন্তানরা পৃষ্ঠপোষকতা করে যাচ্ছে, সামাজিক মাধ্যমে তাদের আস্ফালনে এটা প্রমাণিত। তাই সরকারের উচিত দ্রুত এই যুদ্ধাপরাধীদের সম্পদ বাজেয়াপ্ত করে দেশে জঙ্গিবাদের পৃষ্ঠপোষকদের প্রতিহত করা।”

আপিল বিভাগের রায়ের অপেক্ষায় থাকা জামায়াত নেতা আলী আহসান মুজাহিদের মৃত্যুদণ্ড বজায় থাকবে বলেও আশা প্রকাশ করেন তিনি।

“আমরা চাই, কাদের মোল্লা ও কামারুজ্জামানের পর তৃতীয় যুদ্ধাপরাধী হিসেবে মুজাহিদের রায় দ্রুত কার্যকরের অপেক্ষায় দেশবাসী। অতি দ্রুত তার বিচারিক কার্যক্রম সমাপ্ত করে রায় কার্যকর করতে হবে।”