২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

৫০ লাখ টাকার জাল নোট ছাড়ার ‘পরিকল্পনা’, গ্রেপ্তার ৬

রাজধানীর মিরপুর থেকে ‘জাল নোট চক্রের’ ছয় সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে, যারা ঈদ সামনে রেখে ৫০ লাখ টাকার নোট ‘বাজারে ছাড়ার’ পরিকল্পনা করেছিল বলে জানিয়েছে পুলিশ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Jun 2015, 03:08 PM

Updated : 12 Oct 2022, 03:48 PM

পুরনো খবর:

মিরপুরে ‘জাল নোট চক্রের’ ছয় সদস্য গ্রেপ্তার

গ্রেপ্তাররা হলেন- শফিকুল ইসলাম ওরফে শামিম, সোহাগ অধিকারী, সুমন আহমেদ, বায়েজীদ উদ্দিন, সিদ্দিকুর রহমান ও মোছাম্মত জেসমিন আক্তার।

মহানগর গোয়েন্দা পুলিশের উপ কমিশনার (গণমাধ্যম) মুনতাসিরুল ইসলাম জানান, সোমবার রাতে মিরপুর মডেল থানা এলাকার মধ্য মনিপুর আদর্শ রোডের একটি বাসায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

পরে পুলিশের গণমাধ্যম কর্যালয়ে এক সংবাদ ব্রিফিংয়ে উপ-কমিশনার শেখ নাজমুল আলম বলেন, “ঈদ সামনে রেখে এ চক্রটি জাল টাকা তৈরি করছিল।”

গোয়েন্দা পুলিশের এ কর্মকর্তা জানান, এ চক্রের সদস্যরা মূলত তিন ভাগে কাজ করে। এক দল জাল টাকার নিরাপত্তা সুতা ও টাকা তৈরি করে, আরেক দল জাল টাকা সংগ্রহ করে এবং তৃতীয় দলটি সারাদেশে জাল টাকা ছড়িয়ে দেয়।

“প্রথমপক্ষ প্রতি লাখ টাকা ১০-১২ হাজার টাকায় বিক্রি করে দ্বিতীয় পক্ষের কাছে। এই পক্ষটি ২০-২৫ টাকায় তৃতীয় পক্ষের কাছে জালনোট বিক্রি করে, যারা নোটগুলো সারাদেশে ছড়িয়ে দেয়।”

তবে এ বছর চক্রটি এখনো বাজারে ‘জাল টাকা ছাড়তে পারেনি’ বলে দাবি করেন শেখ নাজমুল আলম।

অভিযানে অংশ নেওয়া গোয়েন্দা পুলিশের সহকারী কমিশনার মাহমুদ নাসের জনি বলেন, “এই চক্রটি ৬-৭ বছর ধরে জাল টাকা তৈরি করছে। আগেও এদের কয়েকজন গ্রেপ্তার হয়েছিল।”

রোজা সামনে রেখে তারা ৫০ লাখ জাল টাকা বাজারে ছাড়ার পরিকল্পনা করেছিল বলে জানান জনি।

অন্যদের মধ্যে গোয়েন্দা পুলিশের উপ-কমিশনার (পশ্চিম) সাজ্জাদুর রহমান সাজ্জাদ, উপ-কমিশনার (দক্ষিণ) মাশরুকুর রহমান খালেদ, অতিরিক্ত উপ-কমিশনার (গণমাধ্যম) এসএম জাহাঙ্গীর আলম ব্রিফিংয়ে উপস্থিত ছিলেন।