‘পরকীয়ায় বাধা পেয়ে সিরাজগঞ্জে যুবদল নেতা খুন’
সিরাজগঞ্জ শহর যুব দলের সাংগঠনিক সম্পাদক সেলিম রেজা সুজন হত্যার দায় স্বীকার করে তার স্ত্রীর প্রেমিক আদালতে জবানবন্দি দিয়েছেন বলে জানিয়েছে পুলিশ।
জবানবন্দি দেওয়া মনিরুল ইসলাম (৩০) শাহজাদপুর উপজেলার দরগা পাড়ার বেল্লাল হোসেনের ছেলে।
মামলা তদন্ত কর্মকর্তা এসআই গোলাম মোস্তফা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, রোববার বিকাল ৫টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত জেলার জ্যেষ্ঠ বিচারিক হাকিম জুলফিকার উল্লাহর আদালতে হত্যার দায় স্বীকার করে জবানবন্দি দেন মনিরুল।
“আদালতকে তিনি জানিয়েছেন, সুজনের স্ত্রী তিথির সঙ্গে মনিরুলের ঘর বাঁধার স্বপ্নে বাধা পেয়ে তাকে খুনের সিদ্ধান্ত নেয় তারা দুজন। পরিকল্পনা অনুযায়ী শোবার ঘরে ঘুমন্ত অবস্থায় সুজনকে চাপাতি দিয়ে গলা কেটে হত্যা করেন তিনি (মনিরুল)।”
জবানবন্দি নেওয়ার পর আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন বলে জানান এই পুলিশ সদস্য।
সুজন হত্যার ঘটনায় শনিবার বিকালে সিরাজগঞ্জ কারাগারের গেট থেকে মনিরুলকে এবং রাতে উল্লাপাড়ার শ্যামলীপাড়া থেকে রাশেদ নামে তার এক সহযোগীকে গ্রেপ্তার করে পুলিশ।
রাশেদ শাহজাদপুর পৌর মেয়র এবং বিএনপি নেতা নজরুল ইসলামের ছেলে।
১ জুন সোমবার সন্ধ্যায় সুজনকে নিজ শয়নকক্ষে ঘুমন্ত অবস্থায় গলাকেটে হত্যা করা হয়। ঘটনার পর পুলিশ তার স্ত্রী উম্মে সালমা তিথি ও শ্যালক পিয়াসকে আটক করে।
ঘটনার পরদিন সুজনের মা মাজেদা বেগম বাদী হয়ে তিথি ও পিয়াসের নাম উল্লেখসহ অজ্ঞাত পরিচয় আরও কয়েকজনকে আসামি করে একটি হত্যা মামলা করেন।
এ ঘটনায় জিজ্ঞাসাবাদের পর স্বামী হত্যার বিষয়ে তিথি তার পরকিয়া প্রেমিক মনিরুলকে জড়িয়ে আদালতে জবানবন্দি দেয়। এরপরই রাশেদসহ মনিরুলকে গ্রেপ্তার করে পুলিশ।
যুবদল নেতা সুজন হত্যার ঘটনায় গ্রেপ্তার চারজনের মধ্যে তার স্ত্রী তিথি ও মনিরুলসহ দুজন দোষ স্বীকার করে আদালতে জবানবন্দি দিলেন।
