২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘হুজি ও আনসারুল্লাহর’ ৯ সদস্য আটক

রাজধানীর বনশ্রী ও সূত্রাপুর থেকে নিষিদ্ধ জঙ্গি সংগঠন হরকাতুল জিহাদ আল ইসলামী বাংলাদেশ (হুজি) এবং আনসারুল্লাহ বাংলা টিমের সন্দেহভাজন নয় সদস্যকে আটক করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Jun 2015, 11:38 AM

Updated : 25 Apr 2022, 01:27 PM

আটকরা হলেন- কাজী ইফতেখার খালেদ ওরফে খালেদ, ফাহাদ বিন নুরুল্লাহ কাশেমী ওরফে ফাহাদ, মো. রাহাত, দ্বীন ইসলাম, আরিফুল করিম চৌধুরী ওরফে আদনান, মো. নুরুল ইসলাম, মাওলানা নুরুল্লাহ কাশেমী, মো. দেলোয়ার হোসেন, মো. ইয়াসিন আরাফাত।

গোয়েন্দা পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার এসএম জাহাঙ্গীর আলম সরকার জানান, রোববার রাতে ওই নয়জনকে আটকের সময় ‘বিপুল পরিমাণ’ বোমা ও বিস্ফোরক উদ্ধার করা হয়।

এর মধ্যে বিভিন্ন ধরনের ৫ কেজি বিস্ফোরক, বোমা তৈরির বিভিন্ন সরঞ্জাম, ৮টি হাতবোমা, ৬টি চকলেট বোমা, ৪টি চাপাতি, উগ্র মতবাদ প্রচারের পুস্তক ও সংগঠনের প্রস্তাবিত পতাকা রয়েছে।

পরে গোয়েন্দা পুলিশের যুগ্ম কমিশনার কৃষ্ণপদ রায় এক সংবাদ ব্রিফিংয়ে জানান, আটকরা এদেশে আইএসের আদলে ‘বাংলাদেশ জিহাদী গ্রুপ’ নামের একটি জঙ্গি সংগঠন প্রতিষ্ঠিত করতে কাজ করে যাচ্ছিলেন।

“তারা সেই গ্রুপটির সক্রিয় সদস্য। দলীয় তহবিল সংগ্রহের জন্য তারা ঢাকা ছাড়াও উত্তরবঙ্গের একটি ব্যাংকে ডাকাতির পরিকল্পনা করেছিল।”

আটকদের সঙ্গে আর কোন কোন জঙ্গি সংগঠনের সম্পৃক্ততা রয়েছে, বিদেশ থেকে তারা কতটুকু আর্থিক সহায়তা পাচ্ছে তা তদন্ত করে দেখা হবে বলেও ব্রিফিংয়ে জানানো হয়।

পুলিশের উপ-কমিশনার শেখ নাজমুল আলম, অতিরিক্ত উপ-কমিশনার এসএম জাহাঙ্গীর আলম সরকার ব্রিফিংয়ে উপস্থিত ছিলেন।

সম্প্রতি সাভারের আশুলিয়ায় কমার্স ব্যাংকে রোমহর্ষক ডাকাতির ঘটনায় জড়িত থাকার অভিযোগে আনসারুল্লাহ বাংলা টিমের একাধিক সদস্যকে গ্রেপ্তার করে পুলিশ, যারা আগে জামায়াতুল মুজাহিদিন বাংলাদেশের (জেএমবি) সদস্য ছিল বলে গোয়েন্দাদের দাবি।

তারা বলছেন, জঙ্গিরা তহবিল সংগ্রহের জন্য ইদানিং ডাকাতি, ছিনতাইয়ের মতো ঘটনাও ঘটাচ্ছে।

হুজি, জেএমবি ও আনসারুল্লাহসহ মোট ছয়টি সংগঠন জঙ্গি তৎপরতা ও উগ্রপন্থি কর্মকাণ্ডের কারণে বাংলাদেশে নিষিদ্ধ।

অন্য চারটি সংগঠন হল জামায়াতুল মুজাহিদিন বাংলাদেশ (জেএমবি), জাগ্রত মুসলিম জনতা বাংলাদেশ (জেএমজেবি), শাহাদাৎ-ই আল-হিকমা ও হিযবুত তাহরীর।

২০০৫ সালে জেএমবিসহ চারটি সংগঠনকে নিষিদ্ধ করে সরকার। ২০০৯ সালে হিযবুত তাহরীরকে নিষিদ্ধ করা হয়।

সবশেষ গত ২৫ মে নিষিদ্ধ করা হয় আনসারুল্লাহ বাংলা টিমকে, যাদের সঙ্গে আল কায়েদার যোগাযোগ রয়েছে বলে গোয়েন্দাদের ধারণা।

পুরনো খবর:

আনসারুল্লাহ বাংলা টিম বাংলাদেশে নিষিদ্ধ