২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ছিটমহলে উড়ছে ‘মুক্তির পতাকা’

বাংলাদেশ ও ভারতের প্রধানমন্ত্রীর উপস্থিতিতে স্থল সীমান্ত চুক্তি অনুসমর্থনের দলিল বিনিময়ের পর ভারতীয় ছিটমহলগুলোতে উড়ছে বাংলাদেশের জাতীয় পতাকা।

পঞ্চগড় প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Jun 2015, 07:48 PM

Updated : 22 Aug 2022, 12:29 PM

রোববার দুপুরে দেবীগঞ্জ উপজেলার শালবাড়ি ছিটমহলের দিনবাজারে আনুষ্ঠানিকভাবে পতাকা উত্তোলন করেন জেলা আওয়ামী লীগের সভাপতি  পঞ্চগড়ের সংসদ সদস্য (বোদা-দেবীগঞ্জ) নুরুল ইসলাম সুজন।

এ সময় তার সঙ্গে ছিটমহলের অধিবাসী ও আওয়ামী লীগ নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

পতাকা উত্তোলনের সময় সমবেতভাবে বাংলাদেশের জাতীয় সংগীত গাওয়া হয়।

এ সময় ওই ছিটমহলের অধিবাসীদের নিজের সংসদীয় (বোদা-দেবীগঞ্জ) এলাকার নাগরিক হিসেবে ঘোষণা দেন সাংসদ সুজন।

এর আগে সেখানে সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে মাথায় ছোট ছোট জাতীয় পতাকা বেঁধে ও বিভিন্ন ব্যানার-ফেস্টুন সঙ্গে নিয়ে উপস্থিত হন ছিটমহলবাসীরা।

সমাবেশ নুরুল ইসলাম সুজন বলেন, “ছিটমহলের অধিবাসীদের জন্য আওয়ামী লীগ সরকারের যে অনুভূতি সেটা অন্য কোন রাজনৈতিক দলের নেই। বরং অনেকে মুজিব-ইন্দিরা চুক্তিকে গোলামীর চুক্তি বলে কটাক্ষ করেছেন। অথচ সেই চুক্তিই আজ মুক্তির সনদ হয়ে ছিটমহলে আলো জ্বেলেছে।”

এ সময় ওই ছিটমহলের নাগরিক কমিটির চেয়ারম্যান সিরাজুল ইসলাম তার এলাকাকে ইউনিয়ন ঘোষণার দাবি জানান।

পঞ্চগড়-নীলফামারি ছিটমহল বিনিময় সমন্বয় কমিটির চেয়ারম্যান মফিজার রহমান এ এলাকার ছিটমহলগুলোর জমির পরিমাণ বেশি উল্লেখ করে বাজেটে রাখা বিশেষ বরাদ্দের সিংহভাগ অর্থ সেখানকার উন্নয়নে ব্যয় করার দাবি জানান।