কেরাণীগঞ্জে কিশোরীর ঝুলন্ত লাশ উদ্ধার
ঢাকা দক্ষিণ কেরাণীগঞ্জ উপজেলায় এক ব্যক্তির বাড়ি থেকে সতের বছর বয়সী গৃহপরিচারিকার ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে।
দক্ষিণ কেরাণীগঞ্জ থানার ওসি মো. জামাল উদ্দিন মীর জানান, রোববার সকালে ইস্পাহানি এলাকার হাজী কালামের বাসার বারান্দায় ফ্যানের সঙ্গে গলায় ওড়না প্যাঁচানো ঝুলন্ত অবস্থায় লাশটি পাওয়া যায়।
নিহত মেজবানু খাতুন (১৭) রংপুর জেলার বদরগঞ্জ থানার রাধানগর গ্রামের মজনু মিয়ার মেয়ে।
কালামের বাড়ির লোকেরা খোলা বারান্দায় ঝুলন্ত লাশ দেখে পুলিশে খবর দেয়।
পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মিডফোর্ট হাসপাতালের মর্গে পাঠিয়েছে।
ওসি জামাল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “ওই কিশোরী আত্মহত্যা করেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তবে তাৎক্ষণিকভাবে এর কারণ জানা যায়নি।”
