মোদীর সফরের দ্বিতীয় দিনে আরো যানজট
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর যাতায়াতের নিরাপত্তার জন্য রাজধানীর সড়কগুলোতে যান চলাচলের বিষয়ে আগে থেকে নির্দেশনা না থাকায় সপ্তাহের প্রথম কর্মদিবসে যানজট পোহাতে হয়েছে নগরবাসীকে।
মোদীর সফরের প্রথম দিন শনিবারও যানজট হলেও ছুটির দিন থাকায় তার তুলনায় রোববার সপ্তাহের প্রথম কর্মদিবসে মানুষের ভোগান্তি অনেক বেড়ে যায়।
সকালে হোটেল সোনারগাঁও থেকে বের হয়ে প্রথমে বকশীবাজারে ঢাকেশ্বরী মন্দিরে যান ভারতীয় প্রধানমন্ত্রী। সেখান থেকে তিনি গোপীবাগে রামকৃষ্ণ মিশন পরিদর্শন শেষে পৌনে ১০টার দিকে বারিধারায় পৌঁছান।
সেখানে ভারতীয় হাই কমিশনের নতুন চ্যান্সারি কমপ্লেক্সে ভারতীয় সহায়তার ছয়টি প্রকল্পের উদ্বোধন শেষে কারওয়ান বাজার মোড়ে সোনারগাঁও হোটেলে ফিরে যান।
বেলা সাড়ে ১২টার দিকে হোটেল থেকে বেরিয়ে রাষ্ট্রপতি আবদুল হামিদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে বঙ্গভবনে যান মোদী।
তার এই চলাচলের পথগুলো সুগম করতে কোন কোন সড়কে কখন যান চলাচল নিয়ন্ত্রণ করা হবে তা আগে থেকে নগরবাসীকে জানায়নি পুলিশের ট্রাফিক বিভাগ।
এর ফলে জৈষ্ঠ্যের তপ্ত দুপুরে গুলিস্তান, মতিঝিল, শাহবাগ, সায়েন্স ল্যাবরেটরি, মিরপুর রোড, মৌচাক, মালিবাগ, বাংলামোটর, চামেলীবাগ, কাকরাইল, কারওয়ান বাজার, ফার্মগেট, মানিক মিয়া অ্যাভিনিউ ও এয়ারপোর্ট রোড এলাকাজুড়ে যানজটে পড়ে নগরবাসী।
একে তীব্র গরম তার উপরে যানজট- দুইয়ে মিলে নাকাল রাজধানীবাসীর মধ্যে কেউ কেউ ইন্টারনেটত্তিক সামাজিক যোগাযোগ মাধ্যমে ট্রাফিক ব্যবস্থাপনার সমালোচনা করেন।
রোববার ভোগান্তি শুরু হয় পুরান ঢাকার ঢাকেশ্বরী মন্দির এলাকা থেকে। ভারতীয় প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে আজিমপুর এলাকায় নেওয়া হয় কঠোর নিরাপত্তা ব্যবস্থা, নিয়ন্ত্রণ করা হয় জনসাধারণের চলাচল।
জুয়েল নামে এক কাপড় ব্যবসায়ী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “নিউ মার্কেটে যাব। কিন্তু যে কোনো পথ দিয়েই যাই না কেন পুলিশ বলে সে রাস্তা বন্ধ।”
তবে নগরবাসীর জন্য চরম ভোগান্তির কারণ হয় মোদীর বঙ্গভবনের যাওয়ার সময়। গুলিস্তানের আশপাশের সব সড়কে যান চলাচল বন্ধ করা হয়। ফলে তীব্র গরমে গাড়ির যাত্রীদের প্রায় একঘণ্টা বসে থাকতে হয়।
সদরঘাট থেকে গুলিস্তান হয়ে কুড়িলগামী সু-প্রভাত বাসের যাত্রী শরিফ হোসেন বলেন, “সাড়ে ১০টায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সামনে থেকে সু-প্রভাত বাসে উঠি। কিন্তু আলুবাজারের কাছে দাঁড়িয়ে আসি আধাঘণ্টা ধরে।”
একটি বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা উজ্জল হোসেন বলেন, “দুপুর ১টার দিকে বঙ্গভবনের সামনের রাস্তায় প্রচণ্ড যানজট ছিল। তীব্র গরমে সেখানে বাসে বসে থাকতে হয়েছে। ট্রাফিক পুলিশের অব্যবস্থাপনায় এটি হচ্ছে।”
ফেইসবুকে সাজ্জাদ মাহমুদ শুভ নামে একজন লিখেছেন, “যে শহরে এক ভিআইপি একঘণ্টা রাস্তায় নামলে পুরো শহর অচল হয়ে যায়, সে শহর রাজধানী হয় কীভাবে?”
মোদীর যাতায়াতের সময় ও রুট চিন্তা করে নিজেদের চলাচলের ‘রুট প্ল্যান’ করার পরামর্শ দিয়ে ওমর শরীফ নামে একজন লিখেছেন, “১২টায় বঙ্গভবন, সেখানে মধ্যাহ্ন ভোজে অংশ নেবেন। তারপর সোনারগাঁও হোটেলে ফিরে খালেদা জিয়া, রওশন এরশাদের সঙ্গে বৈঠক। সন্ধ্যায় বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে বাংলাদেশ-ভারত সম্পর্ক নিয়ে বক্তৃতা দিয়ে ৭টা ৫০ মিনিটে তিনি সরাসরি শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্দেশ্যে রওনা হবেন।
বঙ্গবভন এলাকায় কর্মরত সার্জেন্ট মশিউর রহমান বলেন, ভারতের প্রধানমন্ত্রী বঙ্গভবনের যাওয়ার পর সব সড়কের যান চলাচল শুরু হয়।
অন্যান্য সময়ে তুলনায় এই যানজট কম বলেও দাবি করেন তিনি।
বঙ্গভবনের দরবার হলে ভারতের সাবেক প্রধানমন্ত্রী বিজেপি নেতা অটল বিহারী বাজপেয়ীর পক্ষে বাংলাদেশের স্বাধীনতা সম্মাননা গ্রহণ করেন মোদী। প্রধানমন্ত্রী শেখ হাসিনাও এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। এর পর রাষ্ট্রপতির সঙ্গে মধ্যাহ্নভোজে অংশ নেন মোদী।
বঙ্গভবনের পর্ব শেষে দুপুরে হোটেলে ফিরবেন ভারতীয় প্রধানমন্ত্রী। সেখানে বিরোধীদলীয় নেতা রওশন এরশাদের সঙ্গে তার বৈঠকের সূচি রয়েছে। এরপর বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া এবং ব্যবসায়ী নেতাদেরও সাক্ষাৎ দেবেন ভারতীয় প্রধানমন্ত্রী।
সন্ধ্যায় ভারতীয় হাই কমিশন ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের আয়োজনে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এক অনুষ্ঠানে মোদী বাংলাদেশ-ভারত সম্পর্ক নিয়ে বক্তৃতা দেবেন। সেখান থেকে সরাসরি দেশের পথে রওনা হবেন।
দুই দিনের রাষ্ট্রীয় সফরে শনিবার সকালে প্রথমবারের মতো ঢাকায় আসেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তার এ সফরের মধ্য দিয়ে দুই দেশের সম্পর্কে ‘নতুন দিগন্তের উন্মোচন’ হল বলে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
