২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কক্সবাজারে সাত ‘মানবপাচারকারী’ গ্রেপ্তার  

কক্সবাজারের দুই উপজেলায় অভিযান চালিয়ে সাত জনকে গ্রেপ্তার করা হয়েছে, যাদের বিরুদ্ধে মানবপাচারের মামলা ও অভিযোগ রয়েছে বলে পুলিশ জানিয়েছে।

কক্সবাজার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Jun 2015, 03:16 PM

Updated : 22 Aug 2022, 12:30 PM

শনিবার রাত থেকে রোববার বেলা ১২টা পর্যন্ত উখিয়া ও টেকনাফে অভিযান চালিয়ে  তাদেরকে গ্রেপ্তার করা হয় বলে গোয়েন্দা পুলিশের ওসি দেওয়ান আবুল হোসেন জানিয়েছেন।

গ্রেপ্তাররা হলেন- মোহাম্মদ ইউনুছ ওরফে মাইক ইউনুছ (৩২), সাদ্দাম হোসেন (২০), মোহাম্মদ আমিন (৩৫), মোহাম্মদ হাসান (৩২) ও ছৈয়দ আহমদ (২৬), মোহাম্মদ ইউনুছ (৩০) ও সেলিম উদ্দিন (৩২)।

এদের মধ্যে ইউনুছ ২০০৭ সালে সাগরপথে মালয়েশিয়াগামী ২০০ যাত্রীসহ ট্রলারডুবির ঘটনায় করা হত্যা মামলার আসামি বলে জানিয়েছেন ওসি আবুল হোসেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, টেকনাফের শাহপরী দ্বীপের কোনাপাড়া থেকে ইউনুছকে প্রথম গ্রেপ্তার করা হয়।

“পরে টেকনাফের সাবরাং থেকে মানবপাচারকারী চক্রের চার সদস্য সাদ্দাম, আমিন, হাসান ও আহমদকে গ্রেপ্তার করে টেকনাফ থানা পুলিশ।”

চারজনই পুলিশের তালিকাভূক্ত মানবপাচারকারী বলে জানিয়েছেন টেকনাফ থানার পরিদর্শক মো. আতাউর রহমান খোন্দকার।

বাকি দুজনকে গ্রেপ্তার করা হয় উখিয়ার কুতুপালং রোহিঙ্গা শরনার্থী ক্যাম্প থেকে।