ভারতীয় সহায়তার ৭ প্রকল্পের সূচনা করলেন দুই প্রধানমন্ত্রী
ভারতের সহায়তার সাতটি প্রকল্পের ভিত্তিপ্রস্তর উন্মোচন এবং উদ্বোধন করেছেন নরেন্দ্র মোদী এবং শেখ হাসিনা।
শনিবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে দ্বিপক্ষীয় বৈঠকের পর আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে বোতাম টিপে প্রকল্পগুলোর আনুষ্ঠানিক সূচনা করেন দুই দেশের প্রধানমন্ত্রী।
এসময় ভারতের প্রধানমন্ত্রীর পরণে ছিল সাদা পাঞ্জাবি-পায়জামা ও ঘি রঙের নেহেরু কোট পড়া এবং শেখ হাসিনার পরে ছিলেন হালকা কাজের ঘি রঙের জামদানি শাড়ি।
দুই প্রধানমন্ত্রী খুলনা-মংলা বন্দরের রেললাইন নির্মাণকাজ, ফেনী নদীর উপর বাংলাদেশ-ভারত মৈত্রী সেতু-১ এর নির্মাণকাজ, খুলনা-শাহবাজপুর রেললাইনের লিংক নির্মাণ, শিলাইদহের কুঠিবাড়িতে রবীন্দ্র ভবনের নির্মাণকাজ এবং সারদা পুলিশ অ্যাকাডেমিতে বাংলাদেশ-ভারত মৈত্রী ভবন নির্মাণকাজের ভিত্তিফলক উন্মোচন করেন।
এছাড়া ব্রাহ্মণবাড়িয়ার তারাপুর-ত্রিপুরার কমলাসাগর বর্ডার হাট এবং বিএসটিআইয়ের নতুন উন্নত ল্যাবরেটরি উদ্বোধন করেন তারা।
এর আগে প্রধানমন্ত্রীর সঙ্গে একান্ত বৈঠকের পর নরেন্দ্র মোদী ১৯৭২ সালের ফেব্রুয়ারিতে কোলকাতায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দেওয়া ভাষণের অডিও রেকর্ডিংয়ের সিডি, স্থল সীমা চুক্তি পাসের সময় ভারতের পার্লামেন্ট অভিবেশনের ভিডিও ও শ্রুতিলেখন শেখ হাসিনার হাতে তুলে দেন।
অন্যদিকে শেখ হাসিনা ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর মিত্র বাহিনীর কাছে পাকিস্তানি বাহিনীর আত্মসমর্পণের স্থিরচিত্র নরেন্দ্র মোদীকে দেন।
দুদেশের মধ্যে ১৯টি চুক্তি ও সমঝোতা স্মারক হস্তান্তরের পর মংলা বন্দরের নাব্যতা রক্ষায় খননের জন্য ভারতের দেওয়া ড্রেজারের রেপ্লিকা, ভারতের সহায়তায় নির্মাণাধীন ২৪টি আবহাওয়া স্টেশনের রেপ্লিকা ও ছবি এবং মুক্তিযুদ্ধের সময় ভারতীয় নৌ-বাহিনীর বিমানবাহী রণতরী আইএনএস ভিক্রান্তের স্টিয়ারিং ভারতের পক্ষ থেকে শেখ হাসিনাকে দেন নরেন্দ্র মোদী। শেখ হাসিনা তার সরকারের পক্ষ থেকে ভেড়ামারায় ভারতের জন্য বিশেষ অর্থনৈতিক অঞ্চলের ম্যাপ এবং রামপালে নির্মাণাধীণ তাপ বিদ্যুতকেন্দ্রের ছবি মোদীকে দেন।
অনুষ্ঠান শেষে নরেন্দ্র মোদীকে গাড়ি পর্যন্ত এগিয়ে দেন শেখ হাসিনা।
