নরেন্দ্র মোদীর যাতায়াতে যানজটে ভোগান্তি
আগে থেকে কোনো ঘোষণা না দিয়ে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর যাতায়াতের জন্য বিভিন্ন সড়কে যান চলাচল পুলিশ নিয়ন্ত্রণ করায় তীব্র যানজটে নাকাল হতে হয়েছে রাজধানীবাসীকে।
প্রথম বাংলাদেশ সফরে শনিবার সকাল সোয়া ১০টার দিকে ঢাকায় পৌঁছেই বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামে শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে সাভারে জাতীয় স্মৃতিসৌধে যান মোদী।
সেখান থেকে সোয়া ১১টার দিকে বেরিয়ে ভারতীয় প্রধানমন্ত্রীর গাড়িবহর ঢাকার ধানমণ্ডিতে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরের দিকে যায়; সেখানে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধা জানান মোদী।
দুপুর সাড়ে ১২টার পর সেখান থেকে বেরিয়ে হোটেল সোনারগাঁওয়ের দিকে যায় নরেন্দ্র মোদীর গাড়িবহর।
ভারতের প্রধানমন্ত্রীর গাড়ি বহরের চলাচলের জন্য গাবতলী থেকে ধানমণ্ডি আসার পথে এবং সেখান থেকে কারওয়ান বাজারে যাওয়ার পথে যান চলাচল নিয়ন্ত্রণের কারণে মিরপুর রোড ও পান্থপথের সড়ক বন্ধ থাকায় সংশ্লিষ্ট সব সড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়।
যানজটের কারণে মানিক মিয়া এভিনিউ, আগারগাঁও থেকে খামারবাড়ি, মহাখালী থেকে ফার্মগেইট হয়ে শাহবাগ পর্যন্ত সড়কে প্রচণ্ড গরমের মধ্যে নগরবাসীকে আটকে থাকতে হয়েছে দীর্ঘ সময়।
এছাড়া মিরপুর রোডসংলগ্ন সায়েন্স ল্যাবরেটরি, পান্থপথ ও আগারগাঁও থেকে শ্যামলী পর্যন্ত সড়কসহ বিভিন্ন অলিগলিতেও যানজট ছড়িয়ে যায়।
কলাবাগানে যানটজটের পড়া যাত্রীদের তীব্র গরমে অতিষ্ঠ হয়ে দীর্ঘশ্বাস ফেলতে দেখা গেছে। অনেকে গাড়ি থেকে নেমে হেঁটেই গন্তব্যে রওনা হন।
ভারতের প্রধানমন্ত্রীর যাতায়াতের সময় যান চলাচল নিয়ন্ত্রণ করায় শনিবার ভোগান্তিতে পড়ে রাজধানীবাসী। ছবি: তানভীর আহাম্মেদ
নরেন্দ্র মোদীর যাতায়াতের সময় শনিবার বিভিন্ন সড়কে যানচলাচল নিয়ন্ত্রণ করায় যানজটে নাকাল হতে হয় রাজধানীবাসীকে। ছবিটি মিরপুর রোড থেকে তোলা। ছবি: তানভীর আহাম্মেদ
ধানমণ্ডি ৩২ নম্বর সড়কের সামনে কর্তব্যরত ট্রাফিক সার্জেন্ট এম সনেট বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমে বলেন, “ভিআইপি আসবেন বলে এসএসএফের নির্দেশনা মেনে আমরা ১১টা ৪০ মিনিট থেকে ধানমণ্ডি ৩২ নম্বর এর সামনে যান চলাচল বন্ধ করে দেই।”
মূল সড়কগুলো বন্ধ থাকায় এর চাপ পড়ে বিভিন্ন অলি গলিতে; কোনে কোনো গলিতেও বাস ঢুকতে দেখা যায়।
এক সময় এই অলিগলিতেও চলাচল স্থবির হয়ে পড়ে; ভোগান্তিতে পড়েন সাধারণ মানুষ।
মোহাম্মদপুরের জাকির হোসেন রোড দিয়ে মিরপুর রোডের আড়ংয়ের দিকে যাওয়ার পথে রিকশাচালক আব্দুল মজিদ বলেন, “১০ মিনিটের রাস্তা এক ঘণ্টাতেও পৌঁছাতে পারছি না।”
এ সময় পাশ থেকে মোটর সাইকেল আরোহী মুনতাকিম হাফিজ বলেন, “আজকে যে সড়কেই যাবেন, জ্যাম পাবেন। আমি বুঝতে পারছি না ভারতের প্রধানমন্ত্রী তো দিল্লির সড়কেও চলাফেরা করেন, কিন্তু এর জন্য তো কখনও দিল্লিতে সড়ক আটকে রাখা হয় না।
সড়কের যে পাশ দিয়ে নরেন্দ্র মোদী যাবেন, তা ফাঁকা। বিপরীত পাশে তীব্র যানজট। কাজী নজরুল ইসলাম এভিনিউর শনিবার দুপুরের চিত্র। ছবি: আসিফ মাহমুদ অভি
“আমাদের দেশের নিরাপত্তায় নিয়োজিত ব্যক্তিরা নিজেদের অদক্ষতা ঢাকতে এসব ফালতু কাজ করে মানুষকে কষ্ট দেন।”
তার বক্তব্যের সমর্থনে পাশের রিকশার আরোহী শারমিন সুলতানা বলেন, “এভাবে কতদিন একটা দেশ চলবে। ভিআইপিদের মুভমেন্ট কি দুনিয়ায় কোথাও হয় না, সেখানে কি এরকম জ্যাম হয়?
“আর এতো যদি সমস্যা হয়, তাহলে ভিআইপিরা হেলিকপ্টারে ঘোরাঘুরি করেন না কেন?”
এছাড়াও বাংলা মোটর থেকে মগবাজার হয়ে মালিবাগ ও মৌচাকসহ সংশ্লিষ্ট সড়কেও ছিলো তীব্র যানজট।
যানজটের এই দুর্ভোগকে ‘সাময়িক’ মন্তব্য করে ভারতীয় প্রধানমন্ত্রীর নিরাপত্তার স্বার্থে তা মেনে নিতে রাজধানীবাসীর প্রতি আহ্বান ঢাকা মহানগর পুলিশ (ট্রাফিক) উত্তরের উপ-কমিশনার মো. আব্দুল কুদ্দুস।
অবশ্য যানজটের দুর্ভোগ এড়াতে জনগণকে চলাচলের বিষয়ে ট্রাফিক পুলিশের পক্ষ থেকে নির্দেশনা কেন দেওয়া হয়নি- সেবিষয়ে কিছু বলেননি তিনি।
কুদ্দুস বলেন, “এমনিতে সড়কের তুলনায় যানবাহনের সংখ্যা বেশি এবং দিন দিন তা আরও বাড়ছে। ভিআইপি মুভমেন্টের জন্য সড়ক আটকে রাখতে হচ্ছে।”
ভারতীয় প্রধানমন্ত্রীর চলাচলের বিষয়ে খোঁজ নিয়ে তারপর ঘর থেকে বের হওয়ার পরামর্শ দিয়েছেন তিনি।
১টার দিকে নরেন্দ্র মোদীর গাড়িবহর সোনারগাঁও হোটেলে ঢুকে পড়লে সব সড়কে যান চলাচল পুনরায় শুরু হয়।
বিকালে হোটেল থেকে বেরিয়ে মোদী শীর্ষ বৈঠকে যোগ দিতে তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে যান, সন্ধ্যায় তিনি কারওয়ান বাজারের হোটেলটিতে ফেরেন। তখনও সড়কে যান চলাচল নিয়ন্ত্রণ করা হয়।
রোববার বেশ কয়েকটি কর্মসূচি রয়েছে ভারতের প্রধানমন্ত্রীর। সকালে তিনি যাবেন লালবাগে ঢাকেশ্বরী মন্দির। এরপর দুপুরে তিনি যাবেন বঙ্গভবনে। বঙ্গভবনের পর গুলশানে ভারতীয় দূতাবাসে যাবেন তিনি।
এসব কর্মসূচি থেকে দুপুরে হোটেলে ফিরবেন তিনি। রাতে ঢাকা ছাড়ার আগে তিনি যাবেন শেরে বাংলা নগরে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে। সেখানে বক্তৃতা দিয়ে সরাসরি বিমান বন্দরে যাবেন তিনি।
