লাশ কার, ধন্দে পুলিশ
পাঁচ দিন আগে চট্টগ্রাম নগরীতে উদ্ধার হওয়া একটি লাশের পরিচয় নিয়ে ধন্দে পড়েছে পুলিশ।
লাশটি মো. রাব্বী নামে এক যুবকের বলে তার পরিবারের সদস্যরা দাবি করলেও হত্যাকাণ্ডের সঙ্গে ‘জড়িতরা’ বলছে, লাশটি খোকনের। এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে দ্বন্দ্বের জেরে তাকে হত্যা করা হয়।
গত ৩০ মে খুলশী থানার লালখান বাজার পোড়াকলোনীর নির্মাণাধীন একটি ভবনের নিচতলায় ইট-বালু চাপা দেওয়া অবস্থায় লাশটি পাওয়া যায়। সে সময় লাশটি খোকনের বলে তার পরিবার দাবি করলেও ছেলের লাশ বলে তা নিয়ে যান রাব্বীর বাবা।
বৃহস্পতিবার হত্যাকাণ্ডের সঙ্গে ‘জড়িত’ চারজনকে গ্রেপ্তারের পর লাশটি খোকনের বলে তারা পুলিশকে জানায়।
ওই যুবকের পরিচয় শনাক্ত করতে এখন কবর থেকে লাশ তুলে ডিএনএ টেস্টের কথা ভাবছে পুলিশ।
বৃহস্পতিবার বিকালে এক সংবাদ সম্মেলনে নগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার এসএম তানভীর আরাফাত বলেন, “উদ্ধার করা লাশটি বিকৃত হয়ে যাওয়ায় শনাক্ত করতে সমস্যা হয়েছিল। লাশটি খোকনের বলে প্রথমে তার পরিবারের সদস্যরা দাবি করলেও রাব্বীর বাবা জোর করে নিজের ছেলে বলে দাবি করে।”
এ হত্যাকাণ্ডে জড়িত অভিযোগে গ্রেপ্তাররা হলেন-শরীফ আহম্মেদ ওরফে টেম্পু শরীফ (২৩), শরীফ রহমান ওরফে সুন্দরী শরীফ (২৩), মো. সোহাগ (২৯) ও রেজাউল করিম ওরফে রাজু (২৫)।
গোয়েন্দা পুলিশের উপ-কমিশনার কুসুম দেওয়ান জানান, টানা দুই দিন অভিযান চালিয়ে পোড়াকালোনী এলাকা থেকে রেজাউল করিম ওরফে রাজুকে গ্রেপ্তার করা হয়।
এরপর তার স্বীকারোক্তি অনুযায়ী সদরঘাট থানার শাহজাহান হোটেল এলাকা থেকে অন্য তিনজনকে গ্রেপ্তার করা হয়।
কুসুম দেওয়ান বলেন, নিহত যুবক ও গ্রেপ্তার চারজন লালখানবাজার এলাকায় বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ডের সঙ্গে জড়িত।
“লাশ উদ্ধারের পর সেটি রাব্বী নামে এক যুবকের বলে তার পরিবারের সদস্যরা দাবি করলেও গ্রেপ্তাররা বলেছে, লাশটি খোকনের। এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে তাকে হত্যা করা হয় বলে তারা বলেছে।”
তিনি বলেন, আদালতের অনুমতি নিয়ে লাশটি কবর থেকে উত্তোলন করা হবে। পরে তার ডিএনএ শনাক্ত করে পরিচয় নির্ধারণ করা হবে।
‘প্রয়োজনে দায়ের হওয়া মামলাটির চূড়ান্ত প্রতিবেদন দিয়ে নতুন করে মামলা করা হবে’- বলেন গোয়েন্দা পুলিশ কর্মকর্তা কুসুম দেওয়ান।
এই হত্যাকাণ্ডে মোট সাতজন জড়িত ছিলেন জানিয়ে তিনি বলেন, অন্যদের ধরতেও অভিযান চলছে।
গ্রেপ্তার রেজাউল করিম রাজু সাংবাদিকদের বলেন, ২৮ মে সকালে পোড়াকলোনীতে গ্রীনডেল্টা ভবনের সামনে খোকনের সঙ্গে তাদের কথা কাটাকাটি হয়।
“একপর্যায়ে খোকন তার হাতে থাকা ছূরি দিয়ে টেম্পু শরীফকে মারতে যায়। এসময় সুন্দরী শরীফ ইট দিয়ে খোকনের মাথায় আঘাত করলে সে মাটিতে পড়ে যায়।
“পরে খোকনের হাতে থাকা ছুরি দিয়ে তাকে হত্যা করা হয়। খোকন বাঁচতে পারলে আমাদের হত্যা করত। সেজন্য তাকে হত্যা করা হয়।”
হত্যার পর লাশটি ভবনের একপাশে নিয়ে বালি, ইট ও অন্যান্য জিনিসপত্র দিয়ে চাপা দিয়ে রাখা হয়েছিল বলে জানান তিনি।
পুলিশের ধারণা রাব্বীও হত্যাকারীদের সঙ্গে ছিলেন এবং ঘটনার পর তিনি পালিয়ে যান।
নগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (উত্তর) শরীফুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “রাব্বী ও খোকন নিখোঁজ বলে খুলশী থানায় জিডি করা হয়েছে।
“গ্রেপ্তার রাজুও রাব্বীর পরিবারের সদস্যদের সাথে থানায় জিডি করতে গিয়েছিল এবং লাশ শনাক্তের সময়ও সে পরিবারের সাথে ছিল।”
হত্যাকাণ্ডের দায় থেকে নিজেদের আড়াল করতে তারা এই ঘটনা ঘটিয়েছে বলে ধারণা পুলিশ কর্মকর্তা শরীফুলের।
