২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দশ বনদস্যুর যাবজ্জীবন

অস্ত্র আইনের মামলায় সুন্দরবনের বনদস্যু জিহাদ বাহিনীর ১০ সদস্যকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

বাগেরহাট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Jun 2015, 06:39 PM

Updated : 22 Aug 2022, 12:25 PM

বৃহস্পতিবার বিকালে বাগেরহাট বিশেষ ট্রাইব্যুনাল-২ আদালতের বিচারক মোহা. মহিদুজ্জামান এ রায় দেন।

দণ্ডিতদের মধ্যে পাঁচজন বাগেরহাটের, চারজন বরগুনার এবং একজন হলেন খুলনার।

বাগেরহাটের বাসিন্দারা হলেন সদর উপজেলার পিসি ডেমা গ্রামের শেখ ওমর ফারুক (৪৮), রামপালের প্রসাদনগর গ্রামের আলী, একই গ্রামের ওলি ওরফে আব্বাস, বড় দুর্গাপুর গ্রামের মো. জাহাঙ্গীর এবং দক্ষিণ সন্ন্যাসী গ্রামের রফিক।

বরগুনার চারজন হলেন আমখোলা গ্রামের মতি শিকদার ওরফে মতিন (৪৩), নিদ্রারচর গ্রামের আব্দুর রশিদ আকন ওরফে কালা মাঝি (৪৫), দক্ষিণ চর দুআনি গ্রামের রিপন মোক্তার এবং একই গ্রামের আব্দুল বারেক মোক্তার।

অপরজন হলেন খুলনা শহরের টিবি ক্রস রোড এলাকার মো. কামরুল ইসলাম।

এদের মধ্যে তিন জন কারাগারে আছেন।

মামলার বিবরণে জানা যায়, ২০০৯ সালের ২৮ জানুয়ারি ভোরে পূর্ব সুন্দরবনের শরণখোলা রেঞ্জের সুপতি স্টেশন সংলগ্ন বলেশ্বর নদের কাটামারা এলাকা থেকে বনদস্যু জিহাদ ও তার চার সহযোগীকে বেশকিছু আগ্নেয়াস্ত্র ও বিপুল পরিমাণ গুলিসহ গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশ।

ওইদিনই বাগেরহাট জেলা গোয়েন্দা পুলিশের উপ-পরিদর্শক আবু বকর বাদী হয়ে জিহাদসহ আটক পাঁচ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত পরিচয় বনদস্যুদের আসামি করে একটি মামলা দায়ের করেন।

মামলার তদন্ত কর্মকর্তা ও জেলা গোয়েন্দা পুলিশের তৎকালীন উপ-পরিদর্শক মো. ইমান উদ্দিন তদন্ত শেষে ওই বছরের ২৫ ফেব্রুয়ারি জিহাদসহ ১১ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেন।

পরে জিহাদ আদালত থেকে জামিনে মুক্তি পেয়ে সুন্দরবনে ফিরে দস্যুতা শুরু করে। পরবর্তীতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে বন্দুকযুদ্ধে জিহাদ নিহত হলে তার নাম মামলা থেকে বাদ দেওয়া হয়।

আসামি পক্ষে মামলাটি পরিচালনা করেন আলী আকবর, রাষ্ট্রপক্ষে ছিলেন অতিরিক্ত সরকারি কৌসুলী কাজী মনোয়ার হোসেন।