প্রদর্শনীতে বাংলাদেশিদের ‘জলবায়ু হতাশা’
জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলায় বাংলাদেশের ‘চিরন্তন’ সংগ্রাম নিয়ে একটি আলোকচিত্র প্রদর্শনী শুরু হয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয় প্রাঙ্গনে।
জলবায়ু পরিবর্তনের ফলে সবচেয়ে ঝুঁকিতে থাকা দেশগুলোর অন্যতম বাংলাদেশ আন্তর্জাতিক পর্যায়ে জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলা নিয়ে চলমান সমঝোতা আলোচনায় সক্রিয়ভাবে অংশগ্রহণ করে আসছে।
জলবায়ু পরিবর্তনের প্রভাবে প্রতি বছর বাংলাদেশ জিডিপির ২ থেকে ৩ শতাংশ ক্ষতির মুখে পড়ছে।
জলবায়ু পরিবর্তনের প্রভাবে ক্ষতিগ্রস্তদের দুঃখগাথা আলোকচিত্রে তুলে আনার জন্য পরিচিত তরুণ বাংলাদেশি আলোকচিত্রী দীন মোহাম্মদের কিছু ছবি নিয়ে ‘সময়/জীবন' শিরোনামের এই প্রদর্শনী শুরু হয়েছে।
প্যারিসে অনুষ্ঠেয় জলবায়ু সম্মেলনের কয়েক মাস আগে এই প্রদর্শনীর আয়োজন করা হয়েছে।
‘কারও জন্য শিক্ষা নয়' শিরোনামের ছবিতে চিত্রগ্রাহক দেখিয়েছেন শিক্ষার্থীরা একটি শ্রেণিকক্ষে বসে আছে, যেটা যে কোনো সময় সাগরে বিলীন হয়ে যেতে পারে।
‘দুদু মিয়া’ নামের কক্সবাজারের সোরাইতলা গ্রামের এক বাসিন্দাকে দেখানো হয়েছে এক জায়গায় তিনি মাছ ধরার সুযোগ হারাচ্ছেন, যেখানে মাত্র পাঁচ বছর আগে সবুজ গাছপালা ছিল। সাগরে তিনি তার সবকিছু হারিয়েছেন।
আগামী ১০ জুন পর্যন্ত পররাষ্ট্র মন্ত্রণালয়ের মূল ভবনের প্রবেশ পথে এই প্রদর্শনী চলবে, যাতে বাংলাদেশের দক্ষিণাঞ্চলের মানুষের জীবন ও জীবিকা যে চ্যালেঞ্জের মুখে রয়েছে তা তুলে ধরা হয়েছে।
পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী সোমবার এই প্রদর্শনী উদ্বোধন করেন।
