২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে গুলিতে শিশু নিহতের ঘটনায় আটক ২

চট্টগ্রাম নগরীর পাঁচলাইশ মোহাম্মদপুর এলাকায় দুর্বৃত্তের গুলিতে শিশু নিহতের ঘটনায় জড়িত সন্দেহে দুজনকে আটক করেছে র‌্যাব।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Jun 2015, 09:22 PM

Updated : 25 Apr 2022, 01:26 PM

বুধবার মোহাম্মদপুর এলাকা থেকে তাদের আটক করা হয় বলে বলে জানিয়েছেন র‌্যাব-৭ এর স্টাফ অফিসার এএসপি সোহেল মাহমুদ।

আটকরা হলেন- বাবু (২৪) ও সায়েম (২২)। তবে তাদের বিস্তারিত পরিচয় প্রকাশ করেননি তিনি।

সোহেল মাহমুদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে পাঁচলাইশ থানার মোহাম্মদপুর এলাকা থেকে তাদের আটক করা হয়।

“প্রাথমিকভাবে নিশ্চিত হওয়া গেছে, হত্যাকাণ্ডের ঘটনার সঙ্গে এই দুজন জড়িত।”

তবে পুরো ঘটনার সঙ্গে কতজন জড়িত ছিল এবং আটক মোটর সাইকেল আরোহী কি না, তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানান তিনি।

মঙ্গলবার রাতে মোটর সাইকেল আরোহী দুর্বৃত্তের গুলিতে আসাদুল মিয়া নামে ১১ বছর বয়সী ওই শিশু নিহত হয়।

ব্রাক্ষণবাড়িয়া জেলার সরাইলের বাসিন্দা মোখতার মিয়ার ছেলে আসাদুল কয়েকদিন আগে নগরীতে তার চাচার বাসায় বেড়াতে এসেছিল। 

পুলিশ ও স্থানীয়রা জানান, মঙ্গলবার রাত ৯টার মোহাম্মদপুর এলাকায় এলুমিনিয়াম ব্যবসায়ী দেলোয়ার শেখের দোকানের সামনে থেকে তাকে লক্ষ্য করে গুলি চালায় মোটর সাইকেল আরোহী দুই যুবক। তখন মোমবাতি কিনে ফেরার সময় আসাদুল নিহত হয়।

র‌্যাব কর্মকর্তা সোহেল মাহমুদ বলেন, “আটক দুজনকে নিয়ে অভিযান চালানো হচ্ছে। এরপর জিজ্ঞাসাবাদ শেষে বিস্তারিত জানানো হবে।”

এই ঘটনায় নিহতের চাচা মো. সুমন বাদী হয়ে বুধবার সকালে অজ্ঞাতনামা চারজনের বিরুদ্ধে পাঁচলাইশ থানায় একটি মামলা করেছেন।