সদ্য এসএসসি উত্তীর্ণ শিক্ষার্থীকে ধর্ষণ
গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলায় সদ্য এসএসসি উত্তীর্ণ এক শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে তিন যুবকের বিরুদ্ধে মামলা হয়েছে।
উপজেলার চর পদ্মবিলা গ্রামে রোববার সন্ধ্যায় এ ঘটনা ঘটে।
কাশিয়ানী থানার উপ-পরিদর্শক এনামুল হক চৌধুরী জানান, তিন আসামি হলেন উপজেলার পদ্মবিলা গ্রামের হৃদয়, মার্কিন ও বিরু। ঘটনার পর থেকে তিন জনই পলাতক রয়েছেন।
ধর্ষণের শিকার তরুণীকে গোপালগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে তিনি জানান।
সম্প্রতি কয়েকটি ধর্ষণের ঘটনায় সারাদেশে ব্যাপক আলোচনার মধ্যে এ ধর্ষণের ঘটনা ঘটল।
গত ২১ মে রাতে রাজধানীতে মাইক্রোবাসে তুলে ধর্ষণ করা হয় এক কর্মজীবী গারো তরুণীকে এবং ২৫ মে গাজীপুরের কালীগঞ্জে একটি কোম্পানির কর্মচারীকে ধর্ষণ করে কয়েকজন নৌকার মাঝি।
মামলার বরাত দিয়ে এসআই এনামুল হক চৌধুরী বলেন, এ বছর এসএসসি পাশ করেছে মেয়েটি। রোববার সন্ধ্যার পর নিজেদের বাড়ি থেকে পাশে চাচার বাড়ি যাওয়ার পথে একই এলাকার হৃদয়, মার্কিন ও বিরু মুখ চেপে ধরে পাশের বাগানে নিয়ে যায় এবং সেখানে তাকে ধর্ষণ করে ফেলে যায়।
এ ব্যাপারে মেয়েটির বাবা বাদী হয়ে সোমবার কাশিয়ানী থানায় মামলা দায়ের করেছেন।
এ ঘটনায় এখনও কাউকে গ্রেপ্তার করা যায়নি বলে জানান এসআই এনামুল।
গোপালগঞ্জ সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার নিয়াজ মোহাম্মদ জানান, মেয়েটির পরীক্ষা-নিরীক্ষার কাজ চলছে। ডাক্তারি পরীক্ষার পর বিষয়টি সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে।
