কেরাণীগঞ্জে ‘মাদক বিক্রেতার’ দুই বছরের জেল
ঢাকার কেরাণীগঞ্জ উপজেলায় মাদক বিক্রির দায়ে এক ব্যক্তিকে দুবছরের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
সাজাপ্রাপ্ত তোফাজ্জল মোল্লার (৫১) বাড়ি উপজেলার পাড়গেন্ডারিয়া গ্রামে। তাকে জেল হাজতে পাঠানো হয়েছে।
রোববার দুপুরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. রাশেদুল ইসলামের আদালত তাকে এ সাজা দেয়।
ঢাকা জেলা দক্ষিণ (ডিবি) পুলিশের এসআই মিজান জানান, সকালের দিকে গোপন সংবাদের ভিত্তিতে তোফাজ্জলকে তার এলাকা থেকে আটক করা হয়। সেখানে তিনি মাদক বিক্রি করছিলেন।
ডিবির এএসআই মো. হোসাইন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “এসময় তাকে তল্লাশি করে ১০০ গ্রাম গাঁজা ও মাদক বিক্রির এক হাজার একান্ন টাকা উদ্ধার করা হয়।”
