পর্যবেক্ষকরা নির্বাচনকে সুষ্ঠু বলেছে: সিইসি
তিন সিটি করপোরেশন নির্বাচন নিয়ে সমালোচনার জবাবে প্রধান নির্বাচন কমিশনার কাজী রকিব উদ্দীন আহমদ নিজের সন্তুষ্টির কথা জানিয়ে এর পক্ষে নিবন্ধিত পর্যবেক্ষকদের প্রতিবেদনকে তুলে ধরেছেন।
তিনি বলেছেন, “নির্বাচন কমিশনে নিবন্ধিত অনেক পর্যবেক্ষণ সংস্থা ভোট পর্যবেক্ষণ করেছে। এর মধ্যে দুটি সংস্থা রিপোর্টও দিয়েছে। তারাও একই কথা বলেছে, দুয়েকটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া নির্বাচন ঠিকমতো হয়েছে।”
বৃহস্পতিবার মাগুরা-১ উপনির্বাচন উপলক্ষে আইনশৃঙ্খলা বিষয়ক এক বৈঠকের পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন সিইসি।
এর দুদিন আগেই ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) তাদের পর্যবেক্ষণ প্রতিবেদন উপস্থাপন করে বলে, তিন সিটি নির্বাচন সুষ্ঠু হয়নি এবং এজন্য ইসির নেতৃত্বে দুর্বলতাই দায়ী।
ঢাকা উত্তর ও দক্ষিণ এবং চট্টগ্রাম সিটি করপোরেশনে গত ২৮ এপ্রিল ভোটের দিন বিকালে প্রতিক্রিয়া দেওয়ার পর গত তিন সপ্তাহ আর কোনো কথা বলেননি কাজী রকিব।
এর মধ্যে বিএনপিসহ বিভিন্ন দল নির্বাচনে ব্যাপক কারচুপির অভিযোগ তোলে। সর্বশেষ টিআইবি তাদের পর্যবেক্ষণ প্রকাশ করে।
টিআইবি এই নির্বাচন পর্যবেক্ষণে ইসির নিবন্ধিত কোনো সংস্থা নয়। উল্টোদিকে এবারের নির্বাচন পর্যবেক্ষণকারী কয়েকটি সংস্থার বিরুদ্ধেও অভিযোগ বিএনপির পক্ষ থেকে ইসিতে দেওয়া হয়।
টিআইবির প্রতিবেদনের প্রতিক্রিয়ায় সিইসি বলেন, “গণমাধ্যমে টিআইবি প্রকাশিত প্রতিবেদন দেখেছি। তারাও আমাদের কাছে একটি রিপোর্ট পাঠিয়েছে। এখনও সেটা দেখতে পারিনি। তা দেখে [কি প্রতিবেদন দিয়েছে] বিবেচনা করতে হবে।”
বর্তমান ইসির নেতৃত্ব নিয়ে টিআইবির সমালোচনার বিষয়টি এড়িয়ে যান কাজী রকিব।
কাজী রকিব (ফাইল ছবি)
সেনা মোতায়েন নিয়ে ইসির কোনো দোদুল্যমানতা ছিল না দাবি করে তিনি বলেন, “একটা করণিক ভুল ছিল; তা শুদ্ধ করেছি আমরা। ... টহলের জন্য সেনাবাহিনীকে ডাকার প্রয়োজন পড়েনি।”
তিন সিটি নির্বাচনে অধিকাংশ প্রার্থী ব্যয়সীমার ৭ থেকে ২১ গুণ বেশি খরচ করেছে বলে দাবি করেছে টিআইবি।
তবে এ ব্যয়ের সঠিকতা যাছাই দুরূহ বলে মন্তব্য করেন কাজী রকিব।
সিইসি বলেন, “কে কতগুণ বেশি ব্যয় করল, তা আন্দাজ করে কত কথা বলতে পারেন। এখন প্রার্থীরা ভোটের ব্যয় বিবরণী জমা দিচ্ছে; তাদের প্রতিবেদন পেলেই বুঝতে পারব আমরা।
“এটা দুরূহ ব্যাপার। সব রিপোর্ট সঠিকভাবে হয় না।”
আগামী ২৯ মে’র মধ্যে প্রতিদ্বন্দ্বী সব প্রার্থীর ব্যয় বিবরণী জমা দেওয়ার কথা রয়েছে।
