২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আফসার-মাহিদুরের রায়ে অসন্তোষ শহীদ পরিবারে

মানবতাবিরোধী অপরাধে আফসার হোসেন চুটু ও মাহিদুর রহমানের আমৃত্যু কারাদণ্ডে অসন্তোষ প্রকাশ করেছেন বাদীসহ শহীদ পরিবারের সদস্যরা।  

রবিউল হাসান ডলার

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 May 2015, 04:50 PM

Updated : 25 Apr 2022, 01:23 PM

বাংলাদেশের স্বাধীনতাযুদ্ধের সময় শিবগঞ্জে হত্যা, লুণ্ঠন, অগ্নিসংযোগের মতো মানবতাবিরোধী অপরাধে এ দুই রাজাকারকে আমৃত্যু কারাদণ্ড দিয়েছে যুদ্ধাপরাধের বিচারে গঠিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২।

বুধবার রায় ঘোষণার পর চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার বিনোদপুরে এ দুই জনের ফাঁসি দাবি করে মিছিল করেছে এলাকার লোকজন।

এদিকে, যাবজ্জীবন সাজা খাটা আফসার হোসেন চুটুর পরিবার এই মামলায় তাকে খালাস দেওয়া হবে বলে আশা করেছিল।

শিবগঞ্জের মনাকষা ইউনিয়নের পারচৌকা গ্রামের বদিউর রহমান বুদ্ধ ও কয়েকজন মুক্তিযোদ্ধা জানান, ৩৯ জনকে হত্যার অভিযোগে আফসার হোসেন চুটু ও মাহিদুর রহমানের বিরুদ্ধে ২০০৮ সালে চাঁপাইনবাবগঞ্জ আদালতে একটি মামলা দায়ের করেন বদিউর রহমান বুদ্ধু।

পরবর্তীতে মামলাটি আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনালে স্থানান্তরিত হয়।

বুধবার দেওয়া মামলার রায়ে বাদী বদিউর রহমান বুদ্ধু অসন্তোষ প্রকাশ করে জানান, ১৯৭১ সালের অগাস্ট মাসে আফসার হোসেন চুটু ও মাহিদুর রহমানের নেতৃত্বে রাজাকাররা ১৫ জনকে  এবং ৬ ও ৭ অক্টোবর বিনোদপুর উচ্চ বিদ্যালয় সংলগ্ন মাঠে ৪৮ জনকে নৃশংসভাবে হত্যা করে লাশ মাটিতে পুঁতে রাখে।

এদের মধ্যে মামলার বাদী বদিউর রহমান বুদ্ধুর পিতাও ছিলেন।

ওই সময় তাদের নেতৃত্বে এলাকায় ঘর-বাড়িতে অগ্নিসংযোগও করা হয়।

বিনোদপুর ইউনিয়নের লছমনপুর গ্রামের মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সদস্য মশিউর রহমান বাচ্চু বলেন, এতগুলো মানুষ হত্যার অপরাধে এই দুই রাজাকারের মৃত্যুদণ্ড হওয়া উচিত ছিল।

এই মামলার সাক্ষী আব্দুর রহিম বক্স মন্ডলের ছেলে মুক্তিযোদ্ধা মহসিন আলীও একই প্রতিক্রিয়া জানান।

একই পরিবারের ৯ শহীদের পরিবারের সদস্য সফিকুল ইসলাম বলেন, যারা তার বাবা, চাচাসহ তাদের পরিবারের নয় জন এবং এলাকার আরও ৩০ জনকে হত্যা করেছে তাদের মৃত্যুদণ্ড হওয়া উচিত ছিল।

এদিকে দণ্ডিত আফসার হোসেন চুটুর ছোট ছেলে মাসুদ বলেন, ১৯৭১ সালে ২৪ জনকে হত্যার অপরাধে ১৯৭৩ সালে তার বাবার যাবজ্জীবন সাজা হয়। তিনি ১৯৮৩ সালে সাজা খেটে বের হয়ে আসেন।

তাই একই অপরাধে যেহেতু তিনি জেল খেটেছেন, সেহেতু তিনি এখন তার খালাস হবে বলে তারা আশা  করেছিলেন।

তারা এ রায়ের বিরুদ্ধে আপিল করবেন বলে জানান মাসুদ।