আপিল করবেন মাহিদুর-আফসার
যুদ্ধাপরাধ মামলায় ট্রাইব্যুনালের দেওয়া আমৃত্যু কারাদণ্ডাদেশের বিরুদ্ধে আপিল করবেন বলে জানিয়েছেন চাঁপাইনবাবগঞ্জের মাহিদুর রহমান ও আফসার হোসেন চুটুর আইনজীবী।
বুধবার রায়ের পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় আসামিপক্ষের আইনজীবী আব্দুস সোবহান তরফদার সাংবাদিকদের বলেন, “আমরা রায়ের কপির অপেক্ষায় রয়েছি। কপি পেলে আপিল করা হবে।”
একাত্তরে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে হত্যা লুণ্ঠন, অগ্নিসংযোগের মতো মানবতাবরোধী অপরাধের দায়ে তখনকার এই দুই রাজাকার সদস্যকে আমৃত্যু কারাদণ্ড দিয়েছে আদালত।
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি ওবায়দুল হাসান বুধবার এ মামলার রায় ঘোষণা করেন।
তিনটি অভিযোগের মধ্যে প্রথমটিতে দুই আসামিকে সর্বসম্মতভাবে আমৃত্যু কারাদণ্ড দিয়েছেন তিন বিচারক।
দ্বিতীয় অভিযোগে মাহিদুর রহমান ও আফসারকে দেওয়া হয়েছে পাঁচ বছরের জেল। আর তৃতীয় অভিযোগে এর আগে দালাল আইনে তারা দণ্ডিত হওয়ায় ওই অভিযোগটি বাদ দেওয়া হয়েছে।
প্রসিকিউশনের সমালোচনা করে আব্দুস সোবহান তরফদার বলেন, “আদালত বলেছেন, তদন্ত কর্মকর্তা অথর্ব। তার যথেষ্ট ভুলত্রুটি রয়েছে। তৃতীয় অভিযোগের বিষয়ে ইতোপূর্বে চার্জশিট হয়ে, ট্রায়াল হয়ে যাবজ্জীবন কারাদণ্ড হয়ছিল।সে অভিযোগেই তদন্ত কর্মকর্তা পুনরায় তদন্ত করেছে।”
আপিলে তদন্তকারী কর্মকর্তার ‘দুর্বলতাগুলো’ তুলে ধরা হবে বলে উল্লেখ করেন তিনি।
