মেহেরপুরে পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে নিহত ১
মেহেরপুরে পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে একজন নিহত হয়েছেন, যিনি আন্তঃজেলা ডাকাতদলের সদস্য ছিলেন বলে আইন-শৃঙ্খলা বাহিনীর দাবি।
সদর থানার ওসি আহসান হাবিব জানান, বুধবার ভোরে মেহেরপুরে সদর থানার রাজনগর গ্রামের দিনদত্ত সেতু এলাকায় এ গোলাগুলির ঘটনা ঘটে।
নিহতের নাম গঙ্গা মোল্লা (৪৫)। তার বাড়ি মেহেরপুর শহরের নয় নম্বর ওয়ার্ডের শিশিরপাড়ায়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে ওসি বলেন, মঙ্গলবার বিকেলে শহরের শিশিরপাড়া থেকে পুলিশ গঙ্গাকে গ্রেপ্তার করে।
“গঙ্গার স্বীকারোক্তি অনুযায়ী পুলিশ তাকে নিয়ে ভোরের দিকে অস্ত্র উদ্ধারে অভিযানে যায়। দিনদত্ত সেতু পার হওয়ার সময় সেখানে ওঁৎ পেতে থাকা গঙ্গার সহযোগীরা পুলিশের দিকে গুলি চালায়। এ সময় পুলিশও পাল্টা গুলি করে। এক পর্যায়ে গঙ্গা মোল্লা গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই মারা যায়।"
পরে সেখান থেকে একটি আগ্নেয়াস্ত্র, কয়েকটি বোমা ও ধারলো অস্ত্র উদ্ধার করা হয় বলে জানান ওসি।
তিনি বলেন, “গঙ্গা মোল্লা আন্তঃজেলা ডাকাতদলের সদস্য। তার বিরুদ্ধে সদর থানায় হত্যা ও ডাকাতির এক ডজন মামলা রয়েছে।”
