কিছুই মনে করতে পারছেন না নির্যাতিত গৃহবধূ
মাদারীপুর সদরে স্বামীর মারধরে এক গৃহবধূর ‘স্মৃতিশক্তি হারানোর’ অভিযোগ পাওয়া গেছে। লাঠির আঘাতে তার একটি কানও ছিঁড়ে গেছে।
চর খোয়াজপুর এলাকায় সোমবারের ওই ঘটনার পর থেকে গৃহবধূ অনিমা মণ্ডল সন্তাসসহ কাউকে চিনতে পারছেন না বলে স্বজনরা জানিয়েছেন।
ওইদিন সন্ধ্যায় তাকে মাদারীপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
তবে, মাদারীপুর সদর হাসপাতালের চিকিৎসক স্মৃতিভ্রষ্টের বিষয়টি নিশ্চিত করতে পারেননি।
মাদারীপুর মডেল থানার ওসি জিয়াউল মোর্শেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "ঘটনাটি আমি শুনেছি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।"
অনিমার বোন রিতা মণ্ডল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ১৫ বছর আগে চর খোয়াজপুর এলাকার লিটন মণ্ডলের সঙ্গে অনিমার বিয়ে হয়। এরপর থেকেই সব সময় ঝগড়া-বিবাদ লেগেই থাকত তাদের মধ্যে। লিটন বেশ কয়েকবার যৌতুকও দাবি করেছে।
"এ পর্যন্ত আমরা ৫০ হাজার টাকা দিয়েছি।"
রিতা আরও জানান, সোমবার বিকালে ‘জুয়ার টাকার জন্য’ অনিমার ছাগল বিক্রি করতে চায় লিটন। অনিমা টাকা দিতে অস্বীকার করলে বেদম মারপিট শুরু করে সে।
"এক পর্যায়ে লিটনের লাঠির আঘাতে অনিমার কান ছিঁড়ে যায়। পরে স্থানীয়রা অনিমাকে উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করে।"
অনিমার মেয়ে সুস্মিতা মণ্ডল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, “বাবা মারধর করার পর থেকে মা আমাদের কাউকে চিনতে পারছেন না। শুধু ফ্যালফ্যাল করে তাকিয়ে থাকেন।”
এ ব্যাপারে মাদারীপুর সদর হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা শফিকুল ইসলাম রাজীব বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ওই গৃহবধূ এলোমেলো আচরণ করছেন। তবে, এ হাসপাতালে কোনো কনসালটেন্ট মনোচিকৎসক না থাকায় তা স্মৃতিভ্রমের ঘটনা কি না তা নিশ্চিত হওয়া যাচ্ছে না।
“আমরা তাকে পর্যবেক্ষণে রেখেছি। অবস্থা বুঝে প্রয়োজনে মনোচিকিৎসকের পরামর্শ নেওয়া হবে,” বলেন তিনি।
