ফেনীতে ট্রাকচাপায় কিশোর নিহত
ফেনী সদরের রানির হাট এলাকায় রাস্তার পারাপারের সময় ট্রাকচাপায় এক কিশোর নিহত হয়েছে।
মঙ্গলবার সকালে তৃপ্তি এগ্রো পার্কের সামনে এ দুর্ঘটনা ঘটে বলে ফেনী মডেল থানার পরিদর্শক মো. শাহীনুজ্জামান জানান।
নিহত তৌফিকুল ইসলাম (১৪) কিশোরগঞ্জের মিঠামইন থানার রানিগঞ্জ এলাকার মোহাম্মদ নবীর ছেলে। সে এলাকায় ‘টোকাই’ হিসেবে পরিচিত ছিল।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে পুলিশ কর্মকর্তা শাহীনুজ্জামান বলেন, সকালে ঢাকা-চট্টগ্রাম পুরাতন মহাসড়ক পার হওয়ার সময় দ্রুতগতির একটি ট্রাক ওই কিশোরকে চাপা দিয়ে পালিয়ে যায়। স্থানীয়রা তাকে উদ্ধার করে ফেনী সদর হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
