নোয়াখালীতে সামাজকর্মীকে হুমকির প্রতিবাদ
নোয়াখালীতে সামাজিক আন্দোলন সংগঠক নুরুল আলম মাসুদের প্রাণনাশের হুমকিতে নিন্দা ও উদ্বেগ প্রকাশ করেছেন জেলার সর্বস্তরের বিশিষ্ট ব্যক্তিরা।
সোমবার বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক, পেশাজীবী সংগঠন ও নাগরিক সমাজের ৫১ জন নেতা এক সংবাদ বিজ্ঞপ্তিতে তাদের নিন্দা ও উদ্বেগের কথা জানান।
বিবৃতিতে বলা হয়, গত শনিবার (১৬ মে) নোয়াখালী শহরে উন্নয়ন সংগঠন পার্টিসিপেটরি রিসার্চ অ্যাকশান নেটওয়ার্কের (প্রান) প্রধান নির্বাহী নুরুল আলম মাসুদকে প্রাণনাশের হুমকি দিয়েছে মুখোশধারী একদল দুর্বৃত্ত।
বিবৃতিতে বলা হয়, ওইদিন ভোর সাড়ে ৩টায় মাসুদ মাইজদী হাউজিং এস্টেটের বাড়ি থেকে ঢাকায় যাওযার জন্য হেঁটে বাস কাউন্টারের দিকে যাচ্ছিলেন।
পথে নোয়াখালী সরকারি আবাসিক এলাকায় অজ্ঞাত পরিচয় দুর্বৃত্তরা অস্ত্রের মুখে তার নগদ টাকা, মোবাইল ফোন সেটসহ মূল্যবান সামগ্রী ছিনিয়ে নেয়।
ওই সময় মুখোশধারী দুর্বৃত্তরা তাকে নাজেহাল করে এবং আগ্নেয়াস্ত্র দেখিয়ে প্রাণনাশের হুমকি দেয়।
এ ঘটনায় জড়িদের কেউই এখনও আইনের আওতায় না আসায় বিবৃতিদাতারা গভীর ক্ষোভ ও উদ্বেগ প্রকাশ করেন।
বিবৃতিদাতাদের কয়েকজন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, নুরুল আলম মাসুদ একজন অনলাইন অ্যাক্টিভিস্ট এবং মৌলবাদ ও সাম্প্রদায়িকতা বিরোধী প্রগতিশীল চিন্তার মানুষ, নোয়াখালীতে গণজাগরণ মঞ্চের কার্যক্রম সংগঠিত করার পেছনে যার সক্রিয় ভূমিকা রয়েছে।
বেগমগঞ্জের রাজগঞ্জে হিন্দুদের বাড়িঘরে হামলা, ভাংচুর, লুটপাট ও অগ্নিংসযোগের ঘটনায় প্রতিবাদ সমাবেশ ও ক্ষতিগ্রস্তদের জন্য তহবিল সংগ্রহে নেতৃত্ব দেন তিনি।
ব্লগার রাজীব ও মুক্তচিন্দার লেখক অভিজিৎ হত্যার ঘটনায় নোয়াখালীতে প্রতিবাদী মিছিল সমাবেশ আয়োজনের উদ্যোগ নেন তিনি।
এসব কর্মকাণ্ডের কারণে প্রতিক্রিয়াশীল চক্র মাসুদের উপর ক্ষুদ্ধ থাকতে পারে বলে মনে করেন তারা।
এ ব্যপারে সুধারাম থানার ওসি আনোয়ার হোসেন বলেন, নুরুল আলম মাসুদের কাছ থেকে নগদ টাকা, মোবাইল ফোন সেটসহ মূল্যবান সামগ্রী ছিনিয়ে নেওয়ার বিষয়টি জানার পর অপরাধীদেরকে আইনের আওতায় আনার জন্যে বিভিন্ন স্থানে অভিযান অব্যাহত রেখেছে পুলিশ।
এ ব্যপারে থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে বলে জানান তিনি।
বিবৃতিদাতাদের মধ্যে রয়েছেন, জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি জয়নাল আবেদিন, মুক্তিযোদ্ধা সংসদ জেলা কমান্ডের সাবেক কমান্ডার ফজলুল হক বাদল, জেলা আদালতের জিপি অ্যাডভোকেট কাজী মানছুরুল হক খসরু, জেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার মোজাম্মেল হক মিলন, নোয়াখালী নাগরিক কমিটির সভাপতি মিয়া মো. শাহজাহান, নোয়াখালী প্রেসক্লাবের সাবেক সভাপতি বখতিয়ার শিকদার, বর্তমান সভাপতি আলমগীর ইউসুফ, সেক্টর কমান্ডারস্ ফোরামের সভাপতি এমরান মোহাম্মদ আলী, গণজাগরণ মঞ্চ সংগঠক নাজমুস সাকিব পারভেজ, গান্ধী আশ্রম ট্রাস্ট পরিচালক রাহা নব কুমার প্রমুখ।
